eaibanglai
Homeএই বাংলায়মাটি কেটে শুরু হল ১০০ দিনের কাজ

মাটি কেটে শুরু হল ১০০ দিনের কাজ

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- মাটি কেটে শুরু হল ১০০ দিনের কাজ। প্রসঙ্গত রাজ্যে ২০২১ সালের পর থেকে রাজ্য জুড়ে এই প্রকল্পের কাজ কার্যত বন্ধ ছিল। ফলে বহু পরিবারের জীবিকায় টান পড়েছিল। সম্প্রতি বিজেপি সরকার ক্ষমতায় আসার পর বুধবার পশ্চিম বর্ধমান জেলার বিদবিহার গ্রাম পঞ্চায়েতের ফুলঝোড় এলাকায় জেলায় প্রথম এই কর্মসূচির সূচনা হল।

এদিন এই কাজের সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোলসীর বিজেপি বিধায়ক রাজু পাত্র, কাঁকসার বিডিও সৌরভ গুপ্ত, জেলা ১০০ দিনের প্রকল্প আধিকারিক অতনু মণ্ডল, বিদবিহার গ্রাম পঞ্চায়েতের প্রধান লক্ষ্মীমণি টুডু, বর্ধমান সদরের বিজেপির সহ-সভাপতি রমন শর্মা-সহ প্রশাসনের একাধিক আধিকারিক ও প্রশাসনিক আধিকারিকরা।

কর্মসূচির সূচনায় বিধায়ক নিজে কোদাল হাতে মাটি কাটেন এবং সেই মাটি ধামসায় ভরে মাথায় তুলে নির্দিষ্ট স্থানে ফেলে কাজের উদ্বোধন করেন। বিধায়ক বলেন, “আমি গ্রামের ছেলে। মাটি কাটা আমার কাছে নতুন কিছু নয়। তাই মাটি তো কাটবই। প্রয়োজন হলে প্রতিদিন এখানে এসে ১০০ দিনের কাজের শ্রমিকদের সঙ্গে কাজ করব। এতদিন দুর্নীতি ও অনিয়মের কারণে এই প্রকল্পের কাজ বন্ধ ছিল। এখন নতুনভাবে উন্নয়নের কাজ শুরু হয়েছে। বাংলায় বিজেপি সরকার গঠনের পর একের পর এক উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। সেই জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানাই। আগামী দিনে উন্নয়নের গতি আরও বাড়াতে নতুন নতুন প্রকল্প আনা হবে এবং গ্রামীণ এলাকার মানুষের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা হবে।”

অন্যদিক দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় ১০০ দিনের কাজ শুরু হওয়ায় স্বভাবতই খুশি এলাকার শ্রমজীবী ও প্রান্তিক মানুষেরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments