নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- গিরিডিহ নির্বাচনী গুলিবর্ষণের প্রধান অভিযুক্ত শিবম শ্রীবাস্তব (আজাদ) কে মঙ্গলবার সন্ধ্যায় অন্ডাল বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ তার গাড়ি এবং চালককেও আটক করেছে। গত সোমবার ঝাড়খণ্ডের গিরিডিহ জেলায় নির্বাচন-সংক্রান্ত গুলিবর্ষণের ঘটনায় পলাতক অভিযুক্ত শিবম শ্রীবাস্তব (আজাদ) কে মঙ্গলবার সন্ধ্যায় অন্ডাল বিমানবন্দর চত্বর থেকে গ্রেপ্তার করেছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্ডাল থানার পুলিশ। আসানসোলের নম্বরযুক্ত একটি গাড়ি এবং তার চালককেও আটক করেছে পুলিশ।
উল্লেখ্য গত সোমবার পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খন্ডের গিরিডিহ তে নির্বাচন সংক্রান্ত একটি গুলিবর্ষণ এর ঘটনায় ঝাড়খন্ড পুলিশ ওই গুলি কাণ্ডের মূল অভিযুক্তদের খোঁজ চালাচ্ছিল। ঝাড়খন্ডের ভান্ডারিডি আজাদ নগরের পঞ্চাম্বা এলাকায় গুলি চালানোর ঘটনায় একটি এফআইআর দায়ের করা হয়েছে, যেখানে দুইজন আহত হয়েছেন। ভান্ডারিডিতে নিযুক্ত সদর ব্লক কর্মকর্তা এবং ম্যাজিস্ট্রেট মহেশ ভগতের আবেদনের ভিত্তিতে পঞ্চাম্বা থানায় প্রাক্তন ওয়ার্ড কাউন্সিলর শিবম শ্রীবাস্তব (আজাদ) এবং অন্যান্য অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। এফআইআরে বলা হয়েছে যে ভান্ডারিডির আজাদ নগরে দুটি গোষ্ঠীর মধ্যে বিরোধ এবং শারীরিক সংঘর্ষের ঘটনা ঘটে। পরে সন্ধ্যায় শিবম শ্রীবাস্তব (আজাদ) এবং অন্যান্য অজ্ঞাত ব্যক্তিরা পিস্তল দিয়ে দুইজনকে গুলি করে গুরুতর আহত করে। আহতদের উন্নত চিকিৎসার জন্য গিরিডিহ থেকে ঝাড়খন্ডের ধানবাদে রেফার করা হয়েছে।
ঝাড়খন্ড পুলিশ সূত্র মারফত জানা গেছে কুখ্যাত ওই দুষ্কৃতীরা পশ্চিম বর্ধমান জেলার অন্ডালে কাজী নজরুল ইসলাম বিমানবন্দর থেকে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। তৎক্ষণাৎ ঝাড়খন্ডের গিরিডিহ পুলিশ অন্ডাল থানার সাথে যোগাযোগ করে। এরপরেই অন্ডাল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এক বিশেষ দল অন্ডাল বিমানবন্দর এলাকা ঘিরে ফেলে ও গ্রেপ্তার করে অভিযুক্ত শিবম শ্রীবাস্তব (আজাদ) কে। শিবম শ্রীবাস্তব (আজাদ) এর বিরুদ্ধে অতীতে বেশ কয়েকটি মামলা রয়েছে এবং তিনি জেলও খেটেছেন। জেলা প্রশাসন তাকে কয়েক মাসের জন্য নির্বাসিতও করেছিল। নির্বাসনের সময় শেষ হওয়ার পর, তিনি গিরিডিহ শহরের ঝিনঝরি মহল্লায় তার বাড়িতেই থাকতেন। তবে, এই ঘটনার পর তিনি পলাতক ছিলেন। এই নির্বাচনে তার মা ওয়ার্ড কাউন্সিলর পদের প্রার্থী ছিলেন।
শেষ পাওয়া খবর অনুযায়ী আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্ডাল থানা ও পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডের গিরিডিহ পুলিশের যৌথ বাহিনী অভিযুক্ত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে। ঝাড়খণ্ডের গিরিডিহ পুলিশের সাব-ইন্সপেক্টর জিতেন্দর কুমার ইতিমধ্যেই অন্ডাল থানায় উপস্থিত হয়েছেন অভিযুক্তদের দ্রুত ঝাড়খণ্ডের গিরিডিহ নিয়ে যাওয়ার জন্য।


















