সংবাদদাতা,আসানসোল ও বাঁকুড়াঃ- আদালত চত্বরে বোমাতঙ্কের পর এবার পাসপোর্ট অফিসে বোমাতঙ্ক। পরপর দুদিন মঙ্গলবার এবং বুধবার আসানসোল আদালতে বোমাতঙ্কে হুমকির ইমেল আদালত চত্বরে আতঙ্ক সৃষ্টি হয়েছিলো। এরইমধ্যে, বৃহস্পতিবার সকালে আসানসোলের জিটি রোড বাজার এলাকার প্রধান ডাকঘর বা মুখ্য পোস্ট অফিস কমপ্লেক্সের পাসপোর্ট অফিসেও বোমা হামলার হুমকির ইমেল আসে। যা নিয়ে পোষ্ট অফিস চত্বর সহ গোটা এলাকায় বোমাতঙ্ক ছড়ায়।
এই বিষয়ে, পোস্ট অফিসের ডেপুটি সুপারিনটেনডেন্ট কোমল সিং বলেন, আমরা এদিন সকালে কলকাতা অফিস থেকে খবর পাই যে আসানসোল প্রধান ডাকঘরে একটি বোমা রাখা হয়েছে। দুপুর ১:১৫ টায় বিস্ফোরণ ঘটবে। সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনকে জানানো হয়। খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। বোম স্কোয়াড এবং ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি চালানো শুরু হয়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পাসপোর্ট অফিস এবং প্রধান ডাকঘর অবিলম্বে খালি করে দেওয়া হয়।
এদিন আসানসোলের পাশাপাশি বাঁকুড়া পাসপোর্ট অফিসেও বোমার হুমকি মেল পৌঁছয়। যার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। খবর দেওয়া হয় পুলিশে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বাঁকুড়া সদর থানার পুলিশ। তড়িঘড়ি নিরাপত্তার স্বার্থে করে ডাকঘরের সমস্ত গেট বন্ধ করে দেওয়া হয় এবং কর্মীদের বাইরে বের করে আনা হয়। যদিও পুরো তদন্তের পর পুরো বিষয়টিকে ভুয়ো বলে জানান বাঁকুড়া জেলা পুলিশের ডিএসপি (ডিএনটি) অরুনাভ দাস।
এদিকে এই বোমাতঙ্কের জেরে এদিন যারা পাসপোর্ট ও পোস্ট অফিসে কাজে এসেছিলেন তাদেরকে সমস্যা ও অসুবিধার মধ্যে পড়তে হয়। অফিস খালি হওয়ায়, তাদের কাজ না করে ফিরে যেতে হয়।


















