নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- শুক্রবার শেষ হলো চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা। গত ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল পরীক্ষা, যা এদিন শান্তিপূর্ণভাবেই শেষ হয়।
শেষ দিনের বিষয় ছিল পরিবেশ বিজ্ঞান। নির্ধারিত সময়ে পরীক্ষা শেষ হতেই স্বাভাবিকভাবেই উচ্ছ্বাসে ফেটে পড়ে ছাত্র-ছাত্রীরা। দুর্গাপুর মডার্ন স্কুলে দেখা যায় পরীক্ষা শেষে ছাত্র ছাত্রীদের একে অপরকে আবির মাখিয়ে আনন্দ ভাগ করে নিতে। পরীক্ষা শেষের আনন্দে কেউ বন্ধুদের জড়িয়ে ধরে শুভেচ্ছা জানায়, কেউ আবার ছবি তুলে এই বিশেষ মুহূর্তকে স্মরণীয় করে রাখে। সব মিলিয়ে পরীক্ষা শেষে স্কুল চত্বরে ছাত্র ছাত্রীদের উচ্ছ্বাসে এক উৎসবমুখর আবহ তৈরি হয়। এই মুহুর্তটি তাদের আজীবন মনে থাকবে বলে জানায় উচ্ছ্বসিত পরীক্ষার্থীরা।
প্রসঙ্গত এবারের বা ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছিল বিশেষ। কারণ সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা চালু করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সেই সেমিস্টার পদ্ধতিতে এই প্রথমবার পরীক্ষা দিল উচ্চমাধ্যমিক পড়ুয়ারা।


















