নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দক্ষিণবঙ্গ স্বাস্থ্য, শিক্ষা ও সংস্কৃতি ফেস্টিভালের শুভ সূচনা হল শিল্পনগরী দুর্গাপুরে। শুক্রবার চতুরঙ্গ ময়দানে আয়োজিত এই বিশেষ ফেস্টিভালের উদ্বোধন করেন দুর্গাপুরের মহকুমা শাসক সুমন বিশ্বাস। উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ-এর চেয়ারম্যান কবি দত্ত সহ প্রশাসনিক আধিকারিক, চিকিৎসক, শিক্ষাবিদ এবং সংস্কৃতি জগতের বিশিষ্ট ব্যক্তিত্বরা।
এই ফেস্টিভাল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসকদের পরামর্শ শিবির এবং বিভিন্ন রোগ সম্পর্কে সচেতনতা কর্মসূচি চলছে, যা সাধারণ মানুষের কাছে বিশেষভাবে উপযোগী হয়ে উঠেছে। এছাড়াও শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক আলোচনা সভা, সচেতনতামূলক বক্তৃতা, ছাত্রছাত্রীদের অংশগ্রহণে নানা কর্মসূচি এবং প্রতিদিনের সাংস্কৃতিক অনুষ্ঠান ফেস্টিভালকে প্রাণবন্ত করে তুলেছে। সংগীত, নৃত্য ও আবৃত্তির মধ্য দিয়ে এক উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে চতুরঙ্গ ময়দানে। ফেস্টিভাল প্রাঙ্গণে প্রথম দিনই মানুষের ভিড় হয়েছে লক্ষ্য করার মতো। দুর্গাপুরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এই ফেস্টিভাল অংশগ্রহণ করছেন।
দুর্গাপুরের একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে আয়োজিত এই ফেস্টিভাল চলবে আগামী পয়লা মার্চ পর্যন্ত। আয়োজকদের মতে, এই উদ্যোগ স্বাস্থ্য, শিক্ষা ও সংস্কৃতিকে একসঙ্গে তুলে ধরে সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, শিক্ষার প্রসার এবং সংস্কৃতির মাধ্যমে সামাজিক সংযোগ আরও মজবুত করবে।


















