সংবাদদাতা,আসানসোলঃ- হাসপাতালে সংস্কার কাজ করতে গিয়ে সন্ধান মিললো গভীর কুয়োর। ঘটনা আসানসোলের চিত্তরঞ্জনের কস্তুরবা গান্ধী হাসপাতালের।
জানা গেছে হাসপাতালের প্যাথলজি বিভাগে সংস্কার কাজ চলছে। প্যাথলজি বিভাগের ৯৯ নম্বর কক্ষে মেঝে মেরামতের জন্য ড্রিলিং কাজ চলছিল। সেই সময় হঠাৎই মাটির নিচে প্রায় ৭ ফুট গভীর একটি কুয়োর সন্ধান মেলে। এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল প্রশাসন ও নির্মাণকাজে যুক্ত কর্মীদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
হাসপাতালের পিসিএমও ডাঃ অজয় কুমার জানান, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এটি হাসপাতাল ভবন নির্মাণের সময়কার কোনও পুরনো কুয়ো হতে পারে, যা পরে ঢেকে দেওয়া হয়েছিল। পুরো ঘটনার তদন্ত করা হবে।
নিরাপত্তার কথা মাথায় রেখে আপাতত ওই জায়গায় সমস্ত কাজ বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।


















