নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- “ভারত মুখ” পাক্ষিক পত্রিকার পক্ষ থেকে প্রত্যেক বছর নানা বিষয়ে যেমন শিক্ষা, সাহিত্য, সঙ্গীত, নৃত্য, চিত্রকলা বিভিন্ন খেলা ইত্যাদি ক্ষেত্রে প্রতিভাময় নারীদের সম্মানিত করা হয়। এবছরও তার ব্যতিক্রম হয়নি। আন্তর্জাতিক নারী দিবসের সন্ধ্যায় দুর্গাপুরের সিটিসেন্টারে বিপিন চন্দ্র পাল প্রেক্ষাগৃহে আয়োজিত হয় এক মহতি অনুষ্ঠান। যেখানে ৫০ জন নারীকে “মা নারায়ণী” সম্মান প্রদান ও সংবর্ধনা জানানো হয়।
সম্মানিত এই নারীদের মধ্যে ছিলেন ঋতুকণা ভৌমিক, ডঃ সুদেষ্ণা হাটি, অনামিকা অধিকারী, চৈত্রী গাঙ্গুলি, সোমা ঘোষাল, সীমা মাহাতো প্রমুখ। প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয় ফল মিষ্টি ও স্মারক। ছিল সঙ্গীত কবিতা পাঠ ইত্যাদি সাংস্কৃতিক অনুষ্ঠানও।
অনুষ্ঠানে ভারত মুখ-এর সম্পাদক নয়ন রায় বলেন, নারী মা-ভগিনী-বান্ধবী- স্ত্রী বিভিন্ন রূপে অধিষ্ঠিত। এরপরই নারী শক্তি জয় হোক, মাতৃশক্তির জয় হোক শ্লোগানে মুখরিত হয়ে ওঠে প্রেক্ষাগৃহ।
এদিনের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা শাসক সুমন বিশ্বাস এডিডিএ-এর চেয়ারম্যান কবি দত্ত, জেলা পরিষেদের কর্মাধ্যক্ষ অনুভা চক্রবর্তী, উদ্যোগপতি নরেশ শর্মা, কবি জহর মিশ্র সহ বহু কবি শিল্পী সাহিত্য কর্মী বাচিক শিল্পী সমাজসেবী প্রমুখ।


















