eaibanglai
Homeএই বাংলায়স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কয়লা মাফিয়ার যোগ, ছবি দেখিয়ে অভিযোগ তৃণমূলের

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কয়লা মাফিয়ার যোগ, ছবি দেখিয়ে অভিযোগ তৃণমূলের

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- রাজ্যে যে কয়লা পাচার কাণ্ড নিয়ে সরব কেন্দ্র, যার মামলা চলছে আদালতে, এমনকি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা প্রায়ই হানা দিচ্ছে রাজ্যের বিভিন্ন ব্যবসায়ী এমনকি পুলিশ আধিকারাকিরে বাড়িতে, এবার সেই কয়লা মাফিয়ার সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে যোগসাযোসের অভিযোগ তুলে সরব হল তৃণমূল কংগ্রেস।

প্রসঙ্গত সম্প্রতি বঙ্গ প্রচারে এসেছিলেন অমিত শাহ। রানাঘাট, রামপুরহাটের সভা শেষে আসানসোলে রোড শো করে অন্ডাল এয়ারপোর্ট থেকে তিনি দিল্লি রওনা দেন। অভিযোগ অন্ডাল এয়ারপোর্টে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা দিতে দেখা গেছে জয়দেব খাঁ নামে এক ব্যক্তিকে। শাসক দলের অভিযোগ ওই জয়দেব খাঁ খনি অঞ্চলের নামকরা কয়লা মাফিয়া। তার বিরুদ্ধে অবৈধ কয়লা কারবারে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে বুধবার দুর্গাপুরে জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে তৃণমূল নেতৃত্ব। যেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, তৃণমূল নেতা ভি শিবদাসন দাশু, জেলা মহিলা সভানেত্রী অসীমা চক্রবর্তী, জামুরিয়ার বিধায়ক হরেরাম সিং ও জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি অভিজিৎ ঘটক সহ অন্যান্যরা।

সাংবাদিক বৈঠকে তৃণমূল নেতৃত্ব একটি ছবি তুলে ধরেন। যেখানে দেখা যাচ্ছে এক ব্যক্তি (জয়দেব খাঁ) অমিত শাহের হাতে ফুলের তোড়া দিচ্ছেন। সম্প্রতি ওই ছবিটি সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়। যদিও ওই ছবির সত্যতা যাছাই করেনি এই বাংলায় ওয়েব পোর্টাল।

ওই ছবি দেখিয়ে তৃণমূল নেতৃত্ব দাবি করেন জয়দেব খাঁ-এর বিরুদ্ধে অবৈধ কয়লা কারবারের অভিযোগও রয়েছে। তা সত্ত্বেও সিবিআই তার বিরুদ্ধে পদক্ষেপ করেনি। কারণ তিনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর ঘনিষ্ঠ!

তৃণমূল জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, “জয়দেব খাঁ দীর্ঘদিন ধরেই কয়লা ব্যবসার সঙ্গে যুক্ত এবং এলাকায় তাকে ঘিরে নানা বিতর্ক রয়েছে। অমিত শাহ তার সভায় দুর্নীতি ও অপরাধের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কথা বললেও বাস্তবে মাফিয়াদের দলে জায়গা করে দিচ্ছেন। এর আগেও অন্ডাল বিমানবন্দরে অমিত শাহকে বিদায় জানাতে দেখা গেছে জয়দেব খাঁকে। এছাড়া এর আগে দুর্গাপুরে এক কয়লা মাফিয়ার হোটেলে প্রাক্তন কেন্দ্রীয় কয়লা মন্ত্রী প্রহ্লাদ জোশীকে দেখা গিয়েছিল কয়লা মাফিয়া জয়দেব খাঁ-এর সঙ্গে। অপরাধমূলক কার্যকলাপের বিরুদ্ধে লড়াই করার পরিবর্তে বিজেপি সমাজ বিরোধী ও বিতর্কিত ব্যক্তিদের দলে টেনে রাজনৈতিকভাবে ব্যবহার করছে।”

যদিও শাসক দলের করা অভিযোগ উড়িয়ে বিজেপি আসানসোল সাংগঠনিক জেলার সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায় বলেন, “জয়দেব কয়লা মাফিয়া নন। উনি ২০১৯ সালে বিজেপিতে যোগ দেওয়ার পর তৃণমূল ওর বিরুদ্ধে মিথ্যে অভিযোগে মামলা এনেছে।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments