নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া (এসআইআর) নিয়ে বিতর্ক চলছেই। এই প্রক্রিয়ায় ইতিমধ্যেই বাদ গেছে প্রায় ৫০ লক্ষ ভোটারের নাম। এছাড়া এখনও বিচারাধীন তালিকায় রয়েছে আরও প্রায় ৬০ লক্ষ নাম। বিষয়টি নিয়ে সরব হয়েছে সরব হয়েছে রাজ্যের শাসক দল থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক দল কংগ্রেস ও বামপন্থীরা। রাজ্য জুরে এসআইআর-এর প্রতিবাদে চলছে বিক্ষোভ সহ নানা প্রতিবাদ কর্মসূচি।
এরই মধ্যে বৃহস্পতিবার এসআইআর এর বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে উত্তেজনা ছড়াল দুর্গাপুরের মহকুমা শাসকের দপ্তর চত্বরে। এদিন কংগ্রেস কর্মী ও সমর্থকরা মহকুমা শাসকের দপ্তরের সামনে জড়ো হয়ে প্রতিবাদে সামিল হন। এরপর বিক্ষোভকারীরা দপ্তরের গেট ভেঙে ভিতরে ঢুকে পড়েন। শুরু হয় তুমুল স্লোগান, বিক্ষোভ এবং প্রতিবাদ। এই আন্দোলনে নেতৃত্ব দেন জেলা কংগ্রেসের সভাপতি দেবেশ চক্রবর্তী।
দেবেশ চক্রবর্তী অভিযোগ করেন, নির্বাচন কমিশন বিজেপির অঙ্গুলি হেলনে কাজ করছে এবং সাধারণ জনগণের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দিচ্ছে। কিনি বলেন, “প্রায় ৫০ লক্ষেরও বেশী নাম তারা ইতিমধ্যে ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দিয়েছে। আরও প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম এখনও বিচারাধীন অবস্থায় রাখা হয়েছে। ফলে সেই বিপুল সংখ্যক ভোটার ভবিষ্যতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন কি না, তা নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। ভোটাধিকার মানুষের অন্যতম মৌলিক গণতান্ত্রিক অধিকার। সেই অধিকার খর্ব করার চেষ্টা হলে তা কোনওভাবেই মেনে নেওয়া হবে না।”
দ্রুত সমস্যার সমাধান এবং বাদ পড়া ভোটারদের নাম পুনরায় তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি জানায় কংগ্রেস। দাবি মানা না হলে আরও বড় আন্দোলনের পথে হাঁটার হুমকি দিয়েছে কংগ্রেস নেতৃত্ব।



















