সংবাদদাতা,আসানসোলঃ- ইতিমধ্যেই ঘোষণা হয়েছে রাজ্যের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ। প্রথম দফায় আগামী ২৩ তারিখ ভোট হতে চলেছে উত্তরবঙ্গ ও পশ্চিমের জেলাগুতি। ওই দিনই ভোট হবে পশ্চিম বর্ধমান জেলাতেও। আসন্ন নির্বাচন উপলক্ষ্যে ইতিমধ্যে ভোটের ময়দানে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। প্রচার, জনসংযোগ শুরু করে দিয়েছেন বিভিন্ন দলের প্রার্থীরা। এবার এই ভোট আবহে আসানসোলে বড়সড় দলবদলের খবর মিললো। বৃহস্পতিবার সালানপুরে তৃণমূলের বিদায়ী বিধায়ক তথা আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়ের হাত ধরে বিজেপি ও সিপিএম থেকে প্রায় পঞ্চাশ জন কর্মী সমর্থক শাসক দলে যোগ দেন।
সালানপুর ব্লক তৃণমূল সভাপতি মহম্মদ আরমান জানান এদিন সালানপুরের সামডিতে কর্মীসভা চলাকালীন বিধায়ক বিধান উপাধ্যায়ের হাত ধরে ১১৭ ও ১১৮ নম্বর বুথের বিজেপি ও সিপিএমের প্রায় পঞ্চাশ জন কর্মী তৃণমূলে যোগদান করেন।
এদিন বুথ ভিত্তিক কর্মীসভায় বিধান উপাধ্যায় দলীয় কর্মীদের আগামী কয়েক দিনের মধ্যেই এলাকার সমস্ত বুথের প্রতিটি বাড়িতে গিয়ে জনসংযোগ সারার নির্দেশ দেন। নির্বাচনী প্রস্তুতির অঙ্গ হিসেবে জনসংযোগ বৃদ্ধির পাশাপাশি ভোটার তালিকা খুঁটিয়ে দেখা, কারো কোন অসুবিধা থাকলে তা মেটানো এবং নির্দিষ্ট দিনে সকলেই যাতে সকাল সকাল নিজেদের ভোট দিতে পারেন তা নিশ্চিত করার নির্দেশও দেন তিনি।
এদিনের সভায় ব্লক তৃণমূল সহ-সভাপতি ভোলা সিং সহ স্থানীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।










