সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- আসানসোলের কুলটি বিধানসভার অন্তর্গত সীতারামপুরের ১৯ নম্বর ওয়ার্ডের বিদায়গড় এলাকায় নুনিয়া নদীর উপর সেতু নির্মাণে গুরুতর অনিয়মের অভিযোগ উঠল। প্রায় ২ কোটি টাকা ব্যয়ে নির্মীয়মাণ সেতুটি ঢালাইয়ের সময় কাঠামোর একটি অংশ ভেঙে পড়ে। যা নিয়ে রীতিমতো ক্ষোভ তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে।
জানা গেছে, বৃহস্পতিবার সেতুর বেসমেন্টের উপর দেওয়াল ঢালাইয়ের কাজ শুরু হওয়ার কথা ছিল। সেই সময় আচমকাই নির্মীয়মাণ কাঠামোর একটি অংশ ভেঙে পড়ে। ঘটনাটি জানাজানি হতেই আশপাশের এলাকা থেকে বহু মানুষ সেতুর কাছে জড়ো হন এবং ক্ষোভ প্রকাশ করেন।
স্থানীয়দের অভিযোগ, ওয়ার্ক অর্ডার অনুযায়ী নির্মাণসামগ্রী ব্যবহার করা হচ্ছে না। সেতুর দেওয়াল তৈরিতে যেখানে লোহার স্ট্রাকচার ব্যবহারের কথা, সেখানে ঠিকাদার জঙ্গলের কাঠ ও বাঁশ ব্যবহার করছেন। এতে সেতুর স্থায়িত্ব ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। পুরো বিষয়টি দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
প্রসঙ্গত এই সেতুটি তৈরি হলে জাতীয় সড়কের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন হবে এলাকার। ফলে এলাকারও উন্নয়ন হবে।


















