নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে অভিনব প্রতিবাদ কংগ্রেস প্রার্থীদের। সাইকেলে চড়ে চার প্রার্থী দুর্গাপুর মহকুমা শাসকের দপ্তরে পৌঁছলেন মনোনয়ন দাখিল করতে।
এদিন পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের প্রার্থী উত্তম কুমার রায়, দুর্গাপুর পূর্ব কেন্দ্রের প্রার্থী দেবেশ চক্রবর্তী, রানীগঞ্জ কেন্দ্রের প্রার্থী ফাইয়াজ আহমেদ এবং দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের তরুণ রায়, একসঙ্গে দুর্গাপুরের সিটি সেন্টার এলাকা থেকে সাইকেলে যাত্রা শুরু করেন। পরে তাঁরা সাইকেল চালিয়েই দুর্গাপুর মহকুমা শাসকের দপ্তরে পৌঁছে মনোনয়ন পত্র জমা দেন।
কংগ্রেস প্রার্থীদের দাবি, আন্তর্জাতিক যুদ্ধ আবহে কেন্দ্রের ভুল নীতির জন্য বাড়তে চলেছে পেট্রোল, গ্যাস, জ্বালানি সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম। ভোটের বৈতরণি পার হওয়ার জন্য কেন্দ্রের বিজেপি সরকার কিছু ট্যাক্স কমিয়ে ছলাকলা করে মানুষকে ভুল বার্তা দিচ্ছে। তাই আগে থেকেই মানুষকে সচেতন করতে ও বর্তমান পরিস্থিতি নিয়ে বার্তা দিতে তারা সাইকেল চড়ে মনোনয়ন করে প্রতীকী প্রতিবাদ জানালেন ও আগামী দিনে এই পরিস্থিতির সম্মুখীন হওয়ার জন্য মানুষকে প্রস্তুত থাকার বার্তা দিলেন।
তরুণবাবু ও দেবেশবাবু জানান, পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধির পাশাপাশি তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে চলেছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামও। অন্যদিকে জ্বালানির অভাবে বন্ধ হতে বসেছে ছোট বড় নানা শিল্প। ফলে একদিকে মূল্যবৃদ্ধি অন্যদিকে বেকারত্ব, দুইয়ের সাঁড়াশি চাপে পড়তে চলেছে মানুষ। সংসার চালাতে হিমসিম খেতে হবে সাধারণ খেটে খাওয়া মানুষকে। কেন্দ্রের এই জনবিরোধী নীতির প্রতিবাদেই সাইকেল চালিয়ে প্রতীকী প্রতিবাদ করলেন তারা।


















