নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- এক কিশোর পাওয়ারলিফটারের অকাল প্রয়াণে শোকের ছায়া দুর্গাপুরের ক্রীড়া মহলে। মৃত কিশোরের নামা অভিমন্যু চ্যাটার্জী। মাত্র ১৫ বছর বয়সেই অভিমন্যু পাওয়ারলিফটিংয়ে প্রতিভার ছাপ রেখেছিল।
সম্প্রতি এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যায়। ২৫,০০০ ভোল্টে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতরভাবে আহত হয় কিশোর অভিমন্যু। দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে তার চিকিৎসা চলছিল । হাসপাতালে কয়েকদিন ধরে জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে গতকাল দুপুরে মৃত্যু হয় তার।
এই কদিন অভিমন্যুর ব্যক্তিগত পরিবার ও গোটা পাওয়ারলিফটিং পরিবারে ঝড় বয়ে যায়। প্রার্থনা, উৎকণ্ঠা আর আশার দোলাচলে দুলে শেষ পর্যন্ত নিভে যায় ১৫ বছরের এক প্রাণবন্ত দীপ।
আজ দুপুরে দুর্গাপুর মহকুমা হাসপাতালে শেষবারের মতো প্রিয় অভিমন্যুকে বিদায় জানাতে ভিড় জমিয়েছিল খেলোয়াড়, বন্ধু ও অসংখ্য শুভানুধ্যায়ীরা। চোখে জলে সকলে শেষ বিদায় জানান প্রিয় অভিমন্যু তথা কৃষ্ণকে (ডাকনাম)।
অভিমন্যুর বন্ধু পরিজন সতীর্থরা জানায় কঠোর পরিশ্রমী ও প্রতিভার অধিকারী ছিল কৃষ্ণ। এমনকি তার অমায়িক স্বভাবের জন্য জায়গা করে নিয়েছিল সকলের হৃদয়ে। অকালে এভাবে তাকে হারিয়ে বেদনায় শোকস্তব্ধ অভিমন্যুরর পরিবার পরিজন বন্ধু-বান্ধব সহ গোটা পাওয়ারলিফটিং পরিবার।


















