নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুর:- রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক দুর্বলতা কাটাতে রাঢ়বঙ্গের চার জেলার সভাপতি এবং কার্যকর্তাদের নিয়ে দুর্গাপুরে বিশেষ বৈঠক করলেন কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী তথা রাজ্যের পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব।
বীরভূম, বোলপুর, আসানসোল ও বর্ধমান, এই চার সাংগঠনিক জেলার সভাপতি ও সাংসদরা বৈঠকে হাজির হয়েছিলেন। এই বৈঠকে যোগ দিতে এসে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ বলেন,”বৈঠকে রাঢ়বঙ্গের জেলা গুলিকে নিয়ে আলোচনা হয়েছে। নানা রকমের সাংগঠনিক বিষয় নিয়ে পর্যবেক্ষণ হয়েছে। রাঢ়বঙ্গের ৫৬ টা সিটে এবার তৃণমূলকে দূরবীন দিয়ে দেখতে হবে।” এর পাশাপাশি এসআইআর প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তেরে তিনি বলেন, “মৃত ভোটারদের নাম বাদ গেছে। আর কিছু সাধারণ মানুষের নাম বাদ গেছে তারা সুপ্রিম কোর্টের নির্দেশ মতো অভিযোগ করুক। মমতা বন্দ্যোপাধ্যায় কি করে জানলেন এক কোটি কুড়ি লক্ষ মানুষের নাম বাদ যাবে। পুরোটাই চক্রান্ত।”
অন্যদিকে আসানসোল সাংগঠনিক জেলার সভাপতি দেবতনু ভট্টাচার্য বলেন, “কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্বর উপস্থিতিতে বৈঠক হয়েছে। মুলতঃ নির্বাচনকে সামনে রেখে এই বৈঠক করা হয়েছে।”
দুর্গাপুরের সিটি সেন্টারের একটি বেসরকারি হোটেলে বুধবার সকাল থেকে চলে এই গুরুত্বপূর্ণ বৈঠক।


















