সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- আসন্ন বিধানসভা নির্বাচনের প্রচারে আসানসোলের সভা থেকে রাজ্যে শিল্প ও ঐতিহ্য ফেরাতে পরিবর্তনের ডাক দিলেন নরেন্দ্র মোদি। আসানসোলের পোলো গ্রাউন্ডের জনসভায় উপস্থিত হয়ে তিনি বলেন, “আসানসোল একসময় সাইকেল, কাঁচ, অ্যালুমিনিয়াম ও কয়লা খনির জন্য বিখ্যাত ছিল। সারা দেশের যুবকরা এখানে কর্মসংস্থানের খোঁজে আসতেন। কিন্তু আজ সেই চাকা থমকে গেছে।” পাশাপাশি তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, ”বিজেপি সরকার আসানসোলকে তার হারানো গরিমা ফিরিয়ে দেবে। কয়লা ও বালি মাফিয়াদের হাত থেকে এই অঞ্চলকে মুক্ত করা হবে। শিল্পাঞ্চলের বন্ধ কলকারখানা পুনরায় চালু করা হবে।”
অন্যদিকে বাংলার হৃত গৌরব হারিয়ে যাওয়ার জন্য তৃণমূল সরকারকে দায়ী করে তিনি বলেন, “গোটা দেশ যখন এগিয়ে যাচ্ছে, তৃণমূল তখন বাংলাকে পেছনের দিকে ঠেলছে। বাংলার আয় ১০০ শতাংশের ১২ শতাংশ থেকে আজ ৫ শতাংশে নেমে এসেছে কংগ্রেস, বাম ও তৃণমূলের কুশাসনে। বাংলার সাধারণ মানুষের হক লুট করে শাসকদলের মন্ত্রীদের বড় বড় বাংলো তৈরি করছে। আসানসোলের কয়লা অঞ্চল আজ সিন্ডিকেটের কবজায়। এই লুটেরাদের হিসাব এবার জনতা নেবে।” এর পাশাপাশি আসানসোল-দুর্গাপুরকে ‘মেগা সিটি’ করার পরিকল্পনা রয়েছে বলেও এদিনের সভা থেকে তিনি জানান।
প্রধানমন্ত্রী এদিন দাবি করেন, রাজ্যে ক্ষমতার বদল বাংলার নিরাপত্তা এবং শিল্পাঞ্চলের সমৃদ্ধি ফেরানোর জন্য দরকার। তাই তিনি “পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার”,স্লোগান তুলে ভোটারদের নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান জানান।


















