সংবাদদাতা, জামুড়িয়াঃ- তৃণমূল কংগ্রেসের নির্বাচনী প্রচারে গ্রামের বেশ কয়েকজন খুদেকে দেখা গেল অভিনব সাজে। যাদের মধ্যে কেউ সেজেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেউবা হরেরাম সিং আবার কেউ মা লক্ষ্মী সেজে লক্ষ্মীর ভাঁড় হাতে, তুলে ধরেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী লক্ষীর ভান্ডার প্রকল্পের দৃশ্য। তৃণমূল প্রার্থীর প্রচারে প্রার্থীকে অভিভূত করার জন্যই ক্ষুদেদের এমন সাজ বলে জানা যায় স্থানীয় সূত্রে।
উল্লেখ্য বৃহস্পতিবার জামুরিয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ডোবরানা অঞ্চলে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন জামুড়িয়ার তৃণমূল প্রার্থী হরেরাম সিং। প্রার্থী ডোবরানা অঞ্চলের ডোবরানা গ্রামে ঢোকার মুখে অবস্থিত নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে মাল্যদান করে তার নির্বাচনী প্রচার শুরু করেন। চারিদিকে রঙিন বেলুন, দলীয় ঝান্ডায় সেজে উঠেছিল গ্রাম। এর পাশাপাশি রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা মহিলারা কোথাও পুষ্প বৃষ্টি কোথাও বা ফুলের মালা পরিয়ে বরণ করে নেয় প্রার্থী হরেরাম সিংকে।
এরপর প্রচার মিছিল ডোবড়ানার পাত্র পাড়ায় পৌঁছাতেই দেখা যায় এক অভিনব দৃশ্য। যেখানে দুই ক্ষুদের একজন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাজে এবং অন্যজন তৃণমূল প্রার্থী হরেরাম সিং এর সাজে সজ্জিত হয়ে তৃণমূল প্রার্থীকে অভিভূত করে তোলেন। এছাড়াও আরো অনেককে দেখা যায় যারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডারের মতো বেশ কিছু জনমুখী প্রকল্প প্লাকার্ড হাতে। এই দৃশ্য এদিনের নির্বাচনী প্রচার মিছিলকে অন্য মাত্রা এনে দেয়।
বিধায়ক জানান, মানুষের ব্যাপক সাড়া এবং প্রচারে অংশগ্রহণে তিনি খুবই খুশি। তিনি নিশ্চিত এই এলাকা থেকে জয়লাভ করবেন।


















