নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- শিল্পাঞ্চলে ১৯ নম্বর জাতীয় সড়কে বারো চাকার পণ্যবাহী দ্রুতগামী কন্টেরারে ধারাবিহিক ধাক্কা। রানিগঞ্জ থেকে দুর্গাপুরের এমএমসি পর্যন্ত একাধিক দুর্ঘটনায় গুরুতর জখম দুই। অভিযোগ কন্টেনার চালক মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন, তার জেরেই ঘটে ধারাবাহিক দুর্ঘটনা।
এদিন সকালে অন্ডাল থানার অন্তর্গত মঙ্গলপুর এলাকা থেকে একটি ইট বোঝাই ট্রাক্টর দুর্গাপুরের দিকে যাচ্ছিল। সেই সময় ১৯ নম্বর জাতীয় সড়কে পিছন দিক থেকে আসা কন্টেইনার সজোরে ট্রাক্টরটিকে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতায় ট্রাক্টরটি রাস্তার ওপরই উল্টে যায়। ট্রাক্টরে মোট পাঁচজন সওয়ার ছিলেন। তাদের মধ্যে তিনজন ছিটকে রাস্তার পাশে পড়ে যাওয়ায় অল্পবিস্তর চোট পান। তবে বাকি দুজন গুরুতর আহত হওয়ায় তাদের তড়িঘড়ি উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
অন্যদিকে অন্ডালে ট্রাক্টরটিকে ধাক্কা দেওয়ার আগে রানীগঞ্জ এলাকায় একটি বাইক আরোহীকেও ধাক্কা মারে কন্টেনারটি। শেষ পর্যন্ত দুর্গাপুরের এম. এ.এম. সি কারখানা সংলগ্ন হেভি মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে কন্টেনারটি উল্টে গিয়ে রাস্তার ধারে গাছে আটকে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চালককে উদ্ধার করে।
এই দুর্ঘটনার জেরে ১৯ নম্বর জাতীয় সড়কে দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত হয়। প্রায় ৩০ মিনিট ধরে রাস্তা পুরোপুরি বন্ধ থাকে। অন্ডাল থানার পুলিশ এবং অন্ডাল ট্রাফিক গার্ডের কর্মীরা দুর্ঘটনাগ্রস্ত যানবাহনগুলিকে রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার ব্যবস্থা করে।
পুলিশ সূত্রে খবর প্রাথমিক তদন্তে জানা গেছে পণ্যবাহী কন্টেনারটি নেপালের।

















