এই বাংলায় ওয়েব ডেস্কঃ- প্রয়াত আশা ভোঁসলে, ৯২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কিংবদন্তী সঙ্গীতশিল্পী। বুকে সংক্রমণ নিয়ে তিনি ভর্তি ছিলেন মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে। সেখানের চিকিৎসক প্রতীত সমদানি জানান, একাধিক অঙ্গ বিকল হওয়ার কারণে মৃত্যু হয়েছে আশা ভোঁসলের।
শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই ছড়িয়ে পড়ে তাঁর অসুস্থতার খবর। যদিও পরে এক্স হ্যান্ডলে তাঁর নাতনি জনাই ভোঁসলে লেখেন, “আমার ঠাকুরমা খুবই ক্লান্ত। ফুসফুসেও সংক্রমণ হয়েছে। তাই ভর্তি করানো হয়েছে হাসপাতালে। সবাইকে অনুরোধ, দয়া করে আপাতত আমাদের একা ছেড়ে দিন। আমাদের গোপনীয়তাকে সম্মান দিন।”
রবিবার দুপুরে তাঁর মৃত্যু হয় বলে জানা যাচ্ছে। এদিন আশা ভোঁসলের ছেলে আনন্দ ভোঁসলে সংবাদমাধ্যমকে শিল্পীর মৃত্যু খবর দেন। পাশাপাশি সোশাল মিডিয়ায় কিংবদন্তি সঙ্গীতশিল্পীর মৃত্যু সংবাদ জানান তাঁর নাতনিও। জানা গিয়েছে, আগামীকাল বিকাল ৪টের দিকে শিবাজী পার্কে সঙ্গীত শিল্পীর শেষকৃত্য সম্পন্ন হবে।
ভারতের প্রায় সব ভাষায় গান গেয়েছেন প্রবাদপ্রতীম এই শিল্পী। চলচ্চিত্র ও অ্যালবামে ১২ হাজারেরও বেশি গান রেকর্ড করেছেন। দীর্ঘ কর্মজীবনে শিল্পী জীবনের স্বীকৃতি হিসেবে তাঁর ঝুলিতে রয়েছে দাদাসাহেব ফালকে থেকে পদ্মভূষণ সহ অসংখ্য পুরস্কার। এছাড়া গ্র্যামির জন্যও মনোনীত হয়েছিলেন তিনি। তাঁর সুরেলা কন্ঠে ভেসেছে আট থেকে আশি, আসমুদ্র হিমাচল। শ্রোতাদের কাঁদিয়ে এবার তিনি পাড়ি দিলেন না ফেরার দেশে।
















