সন্তোষ কুমার মণ্ডল, আসানসোলঃ- শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে পশ্চিম বর্ধমান জেলা জুড়ে কড়া নজরদারি চালাচ্ছে প্রশাসন। আন্তঃরাজ্য ও আন্তঃজেলা সীমান্ত এলাকায় নজরদারির জন্য খোলা হয়েছে চেক পোস্ট। এছাড়াও বিভিন্ন এলাকায় জোর দেওয়া হচ্ছে নাকা চেকিংয়ের উপর। এই নাকা চেকিংয়ে অন্ডালের চনচনি এলাকায় এক মোটর বাইক আরোহীর কাছ থেকে নগদ ২ লক্ষ ৭৩ হাজার টাকা উদ্ধার করল পুলিশ।
অন্ডালের চনচনি এলাকায় উখড়া ফাঁড়ির পুলিশ নাকা চেকিং চালাচ্ছিল। সেই সময় সন্দেহভাজন এক বাইক আরোহীকে থামিয়ে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে নগদ ২ লক্ষ ৭৩ হাজার টাকা উদ্ধার হয় ।
পুলিশ সূত্রে জানা গেছে, যে মোটরবাইক চালকের কাছ থেকে এত বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে তিনি দুর্গাপুর ফরিদপুর ব্লকের পাটশাওড়া গ্রামের বাসিন্দা। নাম প্রবীর চক্রবর্তী। পেশায় তিনি পোস্ট অফিসের এজেন্ট হিসেবে কাজ করেন বলে জানা যায়। তিনি জানান, ওই টাকা গ্রাহকদের। অন্য কোন অভিসন্ধি তার নেই। তবে আইন মোতাবেক তার টাকা বাজেয়াপ্ত করে, পুলিশ জানায় সঠিক তথ্য প্রমাণাদি এনে জমা করলে তার টাকা তিনি ফেরত পাবেন।
প্রসঙ্গত উল্লেখ্য,ভোটের গাইডলাইন অনুযায়ী ভোটের দিন ঘোষণার পর থেকেই একসঙ্গে পঞ্চাশ হাজার টাকার বেশি কেউ বহন করতে পারবে না এমনই নির্দেশ রয়েছে। সেই নির্দেশ অমান্য করে এত টাকা সঙ্গে রাখার সদুত্তর না মেলায় টাকাগুলি বাজেয়াপ্ত করে পুলিশ।



















