সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- ভোটের ফলপ্রকাশ হয়েছে সোমবার। আর রাত গড়াতেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির খবর মিলতে শুরু করে। কোথাও তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুর চালানো হয়, তো কোথাও আবার তৃণমূল কর্মীদের উপর হামলার অভিযোগ ওঠে। মঙ্গলবারও অব্যাহত ছিল ভোট-পরবর্তী নানা অশান্তির ঘটনা। রাজ্যের দুই প্রান্তে খুনের অভিযোগও উঠেছে। অভিযোগ, পাল্টা অভিযোগে সরগরম ভোট-পরবর্তী পশ্চিমবঙ্গ।
সারা রাজ্যের পাশাপাশি আসানসোলেও একাধিক জায়গায় হামলা, তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ সামনে এসেছে। এই পরিস্থিতিতে ভোট পরবর্তী হিংসা নিয়ে কড়া বার্তা দিলেন আসানসোল উত্তর থেকে নবনির্বাচিত বিজেপি বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়। দলীয় কর্মী সমর্থকদের শান্তির জন্য আবেদন জানানোর পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ প্রশাসনকে কড়া ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি।
মঙ্গলবার আসানসোলের কোর্ট মোড়ে সংলগ্ন দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় বলেন, “নির্বাচনের ফলাফলের পর থেকে বিরোধী দলের কার্যালয়ে হামলার খবর পাওয়া যাচ্ছে। আমি এর তীব্র নিন্দা জানাই। এটা বিজেপির সংস্কৃতি নয়। বিজেপি গণতন্ত্রে বিশ্বাসী।” পুলিশ প্রশাসনের কাছে কঠোর পদক্ষেপের দাবি করে তিনি বলেন, “এই ধরনের ঘটনা অবিলম্বে বন্ধ করতে হবে। আইন-শৃঙ্খলা সবার আগে। প্রত্যেক নাগরিকের নিরাপত্তায় অগ্রাধিকার দেওয়ার আমাদের দায়িত্ব ও কর্তব্য। আসানসোলের প্রত্যেক ব্যক্তির নিরাপত্তা আমার অগ্রাধিকার। কোথাও থেকে এই ধরনের কোনো ঘটনার খবর পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”এমনকি দলীয়ভাবে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে তিনি জানান, যদি কোনো বিজেপি কর্মীকে জড়িত পাওয়া যায়, তবে দল তার বিরুদ্ধে নিজের মতো করে কঠোর ব্যবস্থা নেবে।
প্রসঙ্গত উল্লেখ্য, পশ্চিমবঙ্গে ভোট-পরবর্তী হিংসা রুখতে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারও। কোথাও ভাঙচুর বা হিংসার ঘটনা দেখলেই অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার করার নির্দেশ দিয়েছেন তিনি।


















