eaibanglai
Homeএই বাংলায়দলীয় কার্যালয় ফেরালেন নির্বাচিত বিধায়ক, আবেগে কাঁদলেন তৃণমূল কর্মী

দলীয় কার্যালয় ফেরালেন নির্বাচিত বিধায়ক, আবেগে কাঁদলেন তৃণমূল কর্মী

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে হামলা ও কার্যালয় দখলের ঘটনা সামনে আসছে রাজ্য জুড়ে। দুর্গাপুর শিল্পাঞ্চল জুড়েও এমন একাধিক ঘটনা সামনে এসেছে। তবে কার্যালয় দখল নিয়ে বুধবার এক অন্য ছবি ধরা পড়ল শিল্প শহরে।

দুর্গাপুরের ৩২ নম্বর ওয়ার্ডের পলাশডিহা এলাকাতে তৃণমূলের একটি দলীয় কার্যালয় ছিল। নির্বাচনের ফল ঘোষণার পর সেই কার্যালয় দখল করে বিজেপির ঝান্ডা লাগিয়ে দিয়েছিল বিজেপির কর্মীরা। এই অভিযোগ সামনে আসতেই দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোরুই পলাশডিহা এলাকায় পৌঁছে, তৃণমূলের দলীয় কার্যালয়ের চাবি খুলে তৃণমূলের দলীয় ঝান্ডা সসম্মানে ফিরিয়ে দেন। বিজেপি বিধায়কের এই অপ্রত্যাশিক কাণ্ড দেখে আবেগে কেঁদে ফেলেন তৃণমূলের এক কর্মী মীর আনসারী। তিনি বলেন, “আমি নিজের হাতে এই কার্যালয় গড়ে তুলেছিলাম। আমাদের কার্যালয় দখল হয়েছিল। বিধায়ক ফিরিয়ে দিলেন। আমরা খুশি।”

অন্যদিকে বিধায়ক বলেন,”আমরা যেখানে যা অন্যায় হচ্ছে তার বিরুদ্ধে পুলিশকে ব্যবস্থা নিতে বলেছি। এইখানেও তৃণমূলের দলীয় কার্যালয় আমরা ফিরিয়ে দিলাম।”

প্রসঙ্গত রাজ্যে ক্ষমতায় আসার পরই ভোট পরবর্তী হিংসা নিয়ে দলীয় কর্মী সমর্থকদের সতর্ক করেছে বিজেপি নেতৃত্ব। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য স্পষ্ট বার্তা দিয়েছেন কোনভাবেই এই ধরনের অন্যায় মেনে নেওয়া যাবে না। তার নির্দেশেই বিভিন্ন জায়গায় তৃণমূলের দখল করা দলীয় কার্যালয় ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করছেন নির্বাচিত বিজেপি বিধায়করা। এর আগে কলটির নির্বাচিত বিজেপি বিধায়ক ডাঃ অজয় পোদ্দারও একইভাবে বামেদের দখল করা দলীয় কার্যালয় ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments