eaibanglai
Homeএই বাংলায়ব্রিগেডে বিজেপি সরকারের শপথ গ্রহণ ঘিরে শিল্পাঞ্চলজুড়ে উচ্ছ্বাস

ব্রিগেডে বিজেপি সরকারের শপথ গ্রহণ ঘিরে শিল্পাঞ্চলজুড়ে উচ্ছ্বাস

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ–  আজ ২৫শে বৈশাখ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জন্মজয়ন্তী। এই বিশেষ দিনেই রাজ্যে প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন শুভেন্দু অধিকারী। আর কলকাতার ব্রিগেড গ্রাউন্ডে অনুষ্ঠিত এই শপথ গ্রহণের অনুষ্ঠানকে ঘিরে রাজ্য জুড়ে উৎসবের আবহ দেখা যায় বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে। কোথাও আবির খেলে কোথায় মিস্টি বিতরণ করে চলল উদাযপন। বাদ পড়েনি শিল্প শহর দুর্গাপুরও।

মুখ্যমন্ত্রীর শপথ গ্রহন অনুষ্ঠান উপলক্ষ্যে দুর্গাপুরের বেনাচিতির প্রান্তিকা পাঁচ মাথা মোড়ে গেরুয়া মিষ্টি বিতরণ করতে দেখা গেল দুর্গাপুর মহকুমা হকার্স অ্যাসোসিয়েশনের সদস্যদের। মিষ্টির পাশাপাশি সাধারণের মধ্যে বিতরণ করা হয় ঠান্ডা শরবত। দুর্গাপুর মহকুমা হকার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক অশোক পাল বলেন,”আজ গর্বের দিন। একদিকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন আরেকদিকে নতুন বিজেপি সরকারের শপথ গ্রহণ। তাই আমরা সকলেই একত্রিত হয়েছি। পথ চলতি মানুষদের মিষ্টি খাওয়ানোর ব্যবস্থা করেছি, সকলের সঙ্গে খুশি ভাগ করে নিচ্ছি।”

এর পাশাপাশি দুর্গাপুর স্টেশন বাসস্ট্যান্ড এলাকায় বিজেপি নেতা সনু সাউ ও অভিজিৎ ভট্টাচার্যের নেতৃত্বে কর্মী-সমর্থকদের নিয়ে আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন দলীয় কর্মীরা। সাধারণ পথচলতি মানুষের মধ্যে ঝালমুড়ি, লাড্ডু ও ঠান্ডা পানীয় বিতরণ করা হয়। পাশাপাশি আবির খেলে নতুন সরকারের পথ চলার আনন্দ ভাগ করে নেন সকলে। স্থানীয় দলীয় নেতৃত্বের দাবি, রাজ্যে নতুন সরকারের হাত ধরে উন্নয়নের নতুন দিগন্ত খুলবে।

অন্যদিকে এদিন ব্রিগেডের ঐতিহাসিক শপথ গ্রহণ অনুষ্ঠানের সাক্ষী থাকতে সারা রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি শিল্পাঞ্চল দুর্গাপুর থেকেও সকাল থেকেই বহু দলীয় কর্মী-সমর্থকদের ব্রিগেডমুখী হতে দেখা যায়। এদিন সকালে শয়ে শয়ে বিজেপি কর্মী-সমর্থক দুর্গাপুর স্টেশন থেকে ট্রেনে করে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। দলীয় পতাকা, স্লোগান সব মিলিয়ে স্টেশন চত্বরে তৈরি হয় এক উৎসবমুখর পরিবেশ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments