নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- পশ্চিমবঙ্গের নবগঠিত বিজেপি সরকারের মন্ত্রিসভায় মন্ত্রী হিসেবে শপথ নিলেন আসানসোল দক্ষিণের বিধায়ক ও বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত জমকালো শপথ গ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার সদস্য হিসেবে তিনি দায়িত্ব গ্রহণ করলেন।
এদিকে ঘরের মেয়েকে রাজ্যের মন্ত্রী হিসেবে শপথ নিতে দেখে আবেগে ভাসলো পরিবার। মন্ত্রী অগ্নিমিত্রার পৈত্রিক বাড়ি দুর্গাপুরের গোপালমাঠে। আসানসোল গার্লস কলেজে ও বানওয়ারিলাল ভলোটিয়া কলেজে পড়াশোনার পর কলকাতায় ফ্যাশন ডিজাইনার নিয়ে ডিপ্লোমা করেন। ফ্যাশন ডিজাইনার হিসেবে রীতিমতো সফলতা পাওয়ার পর রাজনীতিতে প্রবেশ তাঁর। বিজেপিতে যোগ দেওয়ার পর ২০২০ সালে বিজেপি মহিলা মোর্চার সভাপতি ছিলেন তিনি, এবং ২০২১ সাল থেকে দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। দুবারের বিধায়ক। ২০২১ সালে আসানসোল দক্ষিণ কেন্দ্র থেকে জিতে তিনি বিধায়ক হন। গত বিধানসভা নির্বাচনে আসানসোল দক্ষিণ কেন্দ্র থেকে আবারও লড়ে ৪০ হাজারেরও বেশি ভোটে জয়লাভ করেন। লড়াকু নেত্রী হিসেবে পরিচিতি। বিজেপি রাজ্যে ক্ষমতায় আসতেই তাকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দেওয়া হল।
অগ্নিমিত্রার এই সাফল্যে খুশির হাওয়া তাঁর পৈত্রিক বাড়িতেও। দুর্গাপুরের গোপাল মাঠে বাড়িতে থাকেন বাবা অশোক রায়, মা অপর্ণা রায়, জেঠু মনোরঞ্জন রায় ও জেঠিমা স্বপ্না রায়। মা-বাবা শপথ গ্রহণে সাক্ষী হিসাবে থাকতে পারলেও বয়সের কারণে যেতে পারেননি জেঠু জেঠিমা। তাঁরা আজ বাড়িতে বসে টিভির পর্দাতেই মেয়ের শপথ গ্রহণ অনুষ্ঠান দেখেন।
৯২ বছরের প্রবীণ জেঠু মনোরঞ্জন রায় বলেন, “আমাদের পরিবার অরাজনৈতিক পরিবার। কেউ কোনওদিন রাজনীতির সঙ্গে যুক্ত ছিল না। তবে ছোটবেলা থেকেই অগ্নিমিত্রার রাজনীতির প্রতি আগ্রহ ছিল। নিজের পরিশ্রম আর লড়াইয়ের জোরে আজ এই জায়গায় পৌঁছেছে। আমাদের যাওয়ার জন্য বলেছিল। কিন্তু শরীর অসুস্থ থাকায় আমরা যেতে পারিনি। ফোনে কথা হয়েছে।” জেঠিমা স্বপ্না রায় বলেন, “ও ছোট থেকেই খুব জেদি আর সাহসী মেয়ে। মানুষের জন্য কাজ করার ইচ্ছেটা সবসময় ছিল। আজ ও মন্ত্রী হওয়ায় খুব ভালো লাগছে। ওর এই সাফল্যে আমরা গর্বিত এবং আনন্দিত।”


















