সংবাদদাতা,বাঁকুড়াঃ- প্রচণ্ড দাবদাহ এবং ভ্যাপসা গরমে হাঁসফাঁস অবস্থা রাজ্যবাসীর। দিনের বেলায় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিশেষত পুরুলিয়া,বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর- বর্ধমানের মতো পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রার পারদ পৌঁছে যাচ্ছে ৪০ ডিগ্রির সেলসিয়াসে। বাতাসে অতিরিক্ত আর্দ্রতার কারণে গরমের অনুভূতি আরও বেশী হচ্ছে। সকাল থেকেই রোদের তেজ এবং প্রবল অস্বস্তি বজায় থাকছে। বেলা বাড়ার সাথে সাথে অস্বস্তি আরও বাড়ছে। ফলে বেলা বাড়তেই রাস্তাঘাট কার্যত শুনশান হয়ে পড়ছে।
পশ্চিমের জেলা বাঁকুড়াও জ্বলছে তীব্র দহনে। গতকাল জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। জেলা জুড়ে চলছে তাপপ্রবাহ। তীব্র গরম ও অস্বস্তিকর আবহাওয়ার জেরে নাজেহাল বাঁকুড়া জেলার সাধারণ মানুষ। তাপপ্রবাহের কারণে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তা ঘাট প্রায় শুনশান হয়ে যাচ্ছে। খুব প্রয়োজন ছাড়া মানুষ বাড়ির বাইরে বেরোচ্ছেন না। বৃষ্টি না হলে পরিস্থিতি আরও জটিল হওয়ায় আশঙ্কা করছেন জেলাবাসী। বর্তমান পরিস্থিতিতে সুস্থ থাকতে বাঁকুড়া শহরে চিকিৎসকরা বেশকিছু পরামর্শ দিয়েছেন। যেমন জরুরি প্রয়োজনে বাইরে বের হলে ছাতা, সুতির হালকা পোশাক ব্যবহার করা এবং পর্যাপ্ত পরিমাণে জল বা ওআরএস (ORS) পান করা।
যদিও এই হাঁফফাঁস পরিস্থিতিতে আশার বাণী শুনিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের কিছু জেলায় কালবৈশাখী ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, এবং ঝাড়গ্রামে ঝড়-বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে। এছাড়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়াবিদদের মতে বুধবার থেকে বদল হবে আবহাওয়ার। বাড়বে বৃষ্টি। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া-সহ বিভিন্ন জায়গায় হবে বৃষ্টি।


















