eaibanglai
Homeএই বাংলায়ভদ্রবেশে বাড়িতে হানা, গৃহবধূর সোনার গয়না নিয়ে চম্পট দুষ্কৃতীদের

ভদ্রবেশে বাড়িতে হানা, গৃহবধূর সোনার গয়না নিয়ে চম্পট দুষ্কৃতীদের

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- গয়না পালিশ করে দেওয়ার নাম করে গৃহবধূকে ধোঁকা দিয়ে লক্ষ লক্ষ টাকার সোনার গয়না নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। ঘটনা দুর্গাপুরের অভিজাৎ সিটিসেন্টারের মাতঙ্গিনী হাজরা বিথি এলাকায়। ঘটনাকে ঘিরে আতঙ্ক ও চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকা জুড়ে।

জানা গেছে শনিবার সকালে কবিতা চৌধুরী নামে ওই মহিলার বাড়িতে গিয়ে দুই যুবক দাবি করেন তারা এক পাউডারের সাহায্যে তামা পিতলের সামগ্রী একেবারে নতুনের মতো চকচকে করে দেবেন। সেই মতো বাড়ির কয়েকটি তামার জিনিস পরিস্কার করতে দেন কবিতাদেবী। মুহূর্তের মধ্যে সেই তামার সামগ্রী ঝকঝকে করে দেয় দুই যুবক। এতে ওই দুই যুবকের প্রতি আস্থা তৈরি হয় কবিতাদেবীর। এরপরই ওই দুই যুবক জানান তারা সোনার অলঙ্কারও এভাবেই নিমেষের মধ্যে ঝকঝকে করে একেবারে নতুনের মতো করে দিতে পারবেন। তাদের কথায় বিশ্বাস করে কবিতাদেবী তার গলার হার হাতের বালা আংটি খুলে দেন পালিশ করে দেওয়ার জন্য। আর তাতেই কাল হয়। অভিযোগ, অলঙ্কারগুলি পরিষ্কার করার নাম করে হাতিয়ে নিয়ে একটি কাগজের পোটলা তার হাতে দিয়ে চম্পট দেয় দুই যুবক। তারা জানায় একটু পরে যেন কাগজের মোড়ক খোলা হয়। সেইমতো কিছুক্ষণ বাদে কাগজের মোড়ক খুলে হতবাক হয়ে যান কবিতাদেবী ! সেখানে সোনার গয়নার বদলে দেখতে পান নকল গয়না।

কবিতাদেবী জানান দুই যুবক অত্যন্ত ভদ্রবেশে ছিল ও ভদ্রভাবে কথা বলছিল। ফলে তারা যে দুষ্কৃতী তা ঘুণাক্ষরেও বুঝতে পারেননি তিনি । এদিকে পুরো ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। ফুটেজে দেখা যায় ওই দুজনের মধ্যে একজন বাড়ির বাইরে বেরিয়ে ফোন করতেই অন্যএকজন বাড়ির গেটের সামনে পৌঁছে যায় এবং নিমেষের মধ্যে তার হাতে সোনার গয়না তুলে দিয়ে পুনরায় ঘরে ঢুকে যায় সে।

অন্যদিকে এই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রাও। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশ। এলাকার বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments