eaibanglai
Homeএই বাংলায়প্রভাব খাটিয়ে মহিলাকে ধর্ষণের অভিযোগ, দুর্গাপুরে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

প্রভাব খাটিয়ে মহিলাকে ধর্ষণের অভিযোগ, দুর্গাপুরে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- পুলিশের প্রভাব খাটিয়ে ভয় দেখিয়ে মহিলাকে লাগাতার ধর্ষণের অভিযোগে দুর্গাপুরে এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করল পুলিশ। ঘটনা দুর্গাপুরের কোকওভেন থানা এলাকার। ধৃত সিভিক ভলেন্টিয়ারের নাম চিরঞ্জিত সাহা। তিনি দুর্গাপুরের কোকওভেন থানার বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা। রবিবার ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের ২৮ এপ্রিল এক মহিলা দুর্গাপুর মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি দাবি করেন, ২০২৫ সালের অক্টোবর মাস থেকে সিভিক ভলেন্টিয়ার চিরঞ্জিত সাহা তার সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্ক গড়ে তোলে । পাশাপাশি বিষয়টি কাউকে জানালে ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। ওই মহিলার অভিযোগের ভিত্তিতে দুর্গাপুর মহিলা থানার পুলিশ বিএনএস ধারা ৬৩ (ধর্ষণ), ধারা ৬৪(২)(এম) (গুরুতর পরিস্থিতিতে ধর্ষণের অভিযোগ), ধারা ৭৭ (ভয়্যারিজম বা গোপনে নজরদারি), ধারা ৭৮(১) (স্টকিং বা পিছু নেওয়া), ধারা ৩৫১(২) (ভয়ভীতি ও হুমকি প্রদান), ধারা ১১৫(২) (আঘাত করার অভিযোগ), ধারা ২২৬ (ভুয়া পরিচয় বা প্রতারণা সংক্রান্ত অভিযোগ) এবং ধারা ৩(৫) (অভিন্ন উদ্দেশ্যে সংঘটিত অপরাধ)-সহ একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে এবং শনিবার অভিযুক্তকে বিদ্যাসাগর পল্লীর বাড়ি থেকে গ্রেফতার করে। রবিবার তাকে আদালতে পেশ করা হলে বিচারক পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

অন্যদিকে নির্যাতিতার আইনজীবী রতন কুমার সিং এদিন পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তোলেন । তিনি জানান, অভিযুক্ত তার মক্কেলকে লাগাতার ধর্ষণের পাশাপাশি তাকে মানসিকভাবে নির্যাতন করেছে। তাকে পুলিশের প্রভাব খাটানোর ভয় দেখানো হয় এবং কাউকে বিষয়টি জানালে ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি দেওয়া হয়। এমনকি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে তার মক্কেল আত্মহত্যারও চেষ্টা করে। এরপরই গত ২৮ এপ্রিল কোকওভেন থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। তার পর এক মাস পার হয়ে যাওয়ার পর অভিযুক্ততে গ্রেফতার করেছে পুলিশ। তিনি দাবি করেন এতে বোঝা যাচ্ছে পুলিশ কতটা নিষ্ক্রিয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments