সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- একাধিক দাবিতে খনির উৎপাদন ও পরিবহণ প্রক্রিয়া বন্ধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। ঘটনা আসানসোলের জামুরিয়ার চুরুলিয়ায় পিডিসিএলের কয়লা খনির। বিক্ষোভকে কেন্দ্র করে খনি চত্বরে উত্তেজনার সৃষ্টি হয়।
বিক্ষোভে সামিল হওয়া লোদা, তালডাঙ্গরা, চিঁচুড়বিল ও দেশের মোহন গ্রামের বাসিন্দাদের অভিযোগ, খনি কর্তৃপক্ষ মাটি ও পাথর ফেলে রাস্তা বন্ধ করে দিচ্ছে রাতের অন্ধকারে। তার ফলে এলাকার মানুষজন রাস্তা পারাপার করতে পারছেন না। এছাড়াও গ্রামবাসীরা এদিন কর্তৃপক্ষের কাছে আরো দাবি রাখেন যে, কয়লাখনিতে বহিরাগত নিয়োগ করা চলবে না। স্থানীয় ছেলেদের কাজে নিতে হবে ও এলাকার উন্নয়ন করতে হবে।
এদিনের বিক্ষোভে এলাকার পুরুষদের পাশাপাশি মহিলারাও অংশ নিয়েছিলেন। বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জামুড়িয়া থানার চুরুলিয়া ফাঁড়ির পুলিশ এবং কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেন গ্রামবাসীরা। যদিও গ্রামবাসীরা স্পষ্ট ভাষায় জানিয়ে দেন অবিলম্বে তাদের দাবি দাওয়া পূরণ না হলে তারা আন্দোলন চালিয়ে যাবেন।
অন্যদিকে গ্রামবাসীদের দাবি ও অভিযোগ নিয়ে, খনি কর্তৃপক্ষের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।



















