নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- তৃণমূলের দখলে থাকা শৌচালয় উদ্ধার করে তা সাফাইয়ের ব্যবস্থা করে সাধারণ মানুষের জন্য খুলে দিল বিজেপি। ঘটনা দুর্গাপুরের ৩৫ নম্বর ওয়ার্ড গোপালমাঠ এলাকার।
অভিযোগ,গোপালমাঠ বাসস্ট্যান্ডে ও গোপালমাঠ বাজারে দুর্গাপুর নগর নিগমের কমিউনিটি শৌচালয় দীর্ঘদিন ধরে দখলে ছিল স্থানীয় তৃণমূল নেতৃত্বের। সাধারণ মানুষের ব্যবহারের জন্য তৈরি হলেও সবসময়ই তালাবন্দি অবস্থায় পড়ে থাকত শৌচালয়গুলি । স্থানীয়দের একাংশের দাবি, তৃণমূল নেতাদের বিশেষ কিছু অনুষ্ঠান বা ব্যক্তিগত প্রয়োজনে খোলা হতো শৌচালয়গুলি। এই নিয়ে দীর্ঘদিন ধরেই ক্ষোভ জমছিল এলাকায়। রবিবার বিজেপি যুব মোর্চার সহ-সভাপতি সুমন গোপের নেতৃত্বে এলাকার বিজেপি কর্মীরা একত্রিত হয়ে ওই দুই শোচালয়ের তালা ভেঙে ঢুকে তা পরিষ্কার-পরিচ্ছন্ন করার ব্যবস্থা করে সাধারণের জন্য খুলে দেয়। শুধু শৌচালয়ই নয়, বিজেপির অভিযোগ, পাশের একটি শিশু উদ্যানও দীর্ঘদিন সাধারণ মানুষের নাগালের বাইরে ছিল। রবিবার সেটিকেও শিশুদের জন্য খুলে দেওয়া হয়।
বিজেপির জেলা যুব মোর্চার সহ-সভাপতি সুমন গোপ বলেন, “মহিলা-সহ সাধারণ মানুষ এবং দূরদূরান্ত থেকে আসা যাত্রীদের শৌচালয়ের অভাবে সমস্যায় পড়তে হত। অথচ সরকারি টাকায় তৈরি এই শৌচালয় তালাবন্দি করে রাখা হয়েছিল। বহুবার খোলার দাবি জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। স্থানীয় তৃণমূল নেতারা এটিকে নিজেদের সম্পত্তি বলে মনে করতেন। তাই আজ আমরা সাধারণ মানুষের স্বার্থে তালা ভেঙে শৌচালয়গুলি খুলে দিয়েছি। শিশু উদ্যানটিও শিশুদের জন্য উন্মুক্ত করা হল।”
নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে সম্প্রতি বিজেপি রাজ্যে ক্ষমতায় আসার পর রাজ্যের বিভিন্ন এলাকায় প্রশাসনের সহায়তায় সরকারি সম্পত্তি দখলমুক্ত করতে শুরু করেছে বিজেপি কর্মীরা। রবিবার সেই ছবি ধরা পড়ল দুর্গাপুরেও।

















