eaibanglai
Homeএই বাংলায়স্কুলের সামার ক্যাম্পে ছাত্র মৃত্যুর ঘটনায় থানায় অভিযোগ দায়ের

স্কুলের সামার ক্যাম্পে ছাত্র মৃত্যুর ঘটনায় থানায় অভিযোগ দায়ের

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- আসানসোলে বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের সামার ক্যাম্পে ষষ্ঠ শ্রেণির ছাত্রের মর্মান্তিক মৃত্যর ঘটনায় থানায় অভিযোগ দায়ের হল। মৃত স্কুল ছাত্রের মা শ্বেতা কুমারী স্কুল কর্তৃপক্ষ এবং সাঁতার প্রশিক্ষকদের বিরুদ্ধে চরম অবহেলা ও গাফিলতির অভিযোগ এনে আসানসোল দক্ষিণ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

প্রসঙ্গত গত বৃহস্পতিবার আসানসোলে নামী বেসরকারি ইংরেজি মাধ্যম সেন্ট ভিনসেন্ট অ্যান্ড টেকনিক্যাল স্কুলে সামার ক্যাম্প চলাকালীন সুইমিং পুলে ডুবে মৃত্যু হয় আসানসোলের দক্ষিণ থানার লোয়ার চেলিডাঙ্গার হুচুক পাড়ার বাসিন্দা ষষ্ঠ শ্রেণির ছাত্র আদ্রিক হিলারিয়ানের(১১)। মর্মান্তিক ওই দুর্ঘটনার দুদিন পরে শনিবার মৃত ছাত্রের মা শ্বেতা কুমারী থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগে শ্বেতাদেবী জানিয়েছেন, স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের কাছ থেকে ৭০০ টাকা ফি নিয়ে সম্পূর্ণ নিরাপত্তার আশ্বাস দিয়ে একটি সামার ক্যাম্পের আয়োজন করেছিল। ২৮ মে বৃহস্পতিবার সকাল প্রায় ৮:০৫ মিনিটে তিনি খবর পান যে তার ছেলে ডুবে গেছে। সঙ্গে সঙ্গে স্কুলে পৌঁছে তিনি দেখেন ও জানতে পারেন সেখানে কোন লাইফগার্ড, চিকিৎসক ও কর্মী নেই। আশ্চর্যজনকভাবে, ঘটনার সময় আদ্রিকের সহপাঠী ছাত্রছাত্রীরাই তাকে বাঁচানোর চেষ্টা করছিল। সামার ক্যাম্পের আয়োজন করা হলেও, স্কুল কর্তৃপক্ষ জরুরি চিকিৎসা বা অ্যাম্বুলেন্সের কোনো ব্যবস্থা করেনি বলে অভিযোগ। সময় নষ্ট না করে, একজন অভিভাবক তার স্কুটারে করে আদ্রিককে হিল ভিউ নার্সিং হোমে নিয়ে যান। সেখান থেকে তাকে আসানসোল জেলা হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসক আদ্রিককে মৃত বলে ঘোষণা করেন।

আরো অভিযোগ, সত্য উদঘাটনের জন্য সুইমিং পুল এলাকার সিসিটিভি ফুটেজ চাইলে স্কুল কর্তৃপক্ষ তা দিতে সরাসরি অস্বীকার করে । এতে পরিবারের সন্দেহ , অপরাধীদের রক্ষা করার জন্য ইচ্ছাকৃতভাবে প্রমাণ গোপন করা হচ্ছে।

শ্বেতাদেবী স্কুল কর্তৃপক্ষ, অধ্যক্ষ এবং প্রশিক্ষকের বিরুদ্ধে অবিলম্বে এফআইআর দায়ের করার দাবি করেছেন। পাশাপাশি সিসিটিভি ফুটেজ বাজেয়াপ্ত করে অবহেলার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোরতম আইনি ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments