নিজস্ব সংবাদদাতা,আসানসোল দুর্গাপুর,বাঁকুড়াঃ- পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের সমস্ত মহিলা বাসিন্দার জন্য সমস্ত সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের পরিষেবা চালু করল। সোমবার থেকে রাজ্য জুড়ে এই পরিষেবার সূচনা হল। আপাতত সরকার অনুমোদিত ১২ ধরনের পরিচয়পত্রের যে কোনও একটি দেখালেই রাজ্যের মহিলা বাসিন্দারা এই সুবিধা পাবেন। ভবিষ্যতে এই পরিষেবার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে বিশেষ কিউআর কোডযুক্ত স্মার্ট কার্ড দেওয়া হবে। সমষ্টি উন্নয়ন আধিকারিক (বিডিও) বা মহকুমাশাসকের (এসডিও) দফতরে আবেদন করে সেই কার্ড পাওয়া যাবে বলে প্রশাসন জানিয়েছে।
এদিন সকালে দুর্গাপুরের সিটি সেন্টার বাস স্ট্যান্ডে আনুষ্ঠানিকভাবে এই পরিষেবার উদ্বোধন করেন পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি, দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিধায়ক লক্ষ্মণ ঘোরুই ও পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুরের মহকুমাশাসক কৌশিক চট্টোপাধ্যায়, প্রশাসনের আধিকারিক, পরিবহণ দফতরের কর্মী এবং বিজেপি নেতৃত্ব। উদ্বোধনের পর প্রথম দিনের যাত্রায় মহিলাদের হাতে প্রতীকীভাবে বিনামূল্যের টিকিট তুলে দেওয়া হয়।
রাজ্যজুড়ে এই পরিষেবা চালু হওয়ার দুর্গাপুরের মহিলাদের মধ্যেও দেখা গেল উৎসাহ ও উচ্ছ্বাসের ছবি। বিশেষ করে কর্মসূত্রে প্রতিদিন যাতায়াত করা মহিলা যাত্রীদের বিশেষ সুবিধা হবে। প্রসঙ্গত কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন শহরে চাকরি, ব্যবসা, পড়াশোনা ও অন্যান্য প্রয়োজনে শহরের বহু মহিলা নিয়মিত যাতায়াত করেন।
অন্যদিকে আসানসোল বাস স্ট্যান্ডে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল উত্তর ও বারাবনির দুই বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় ও অরিজিৎ রায়, পশ্চিম বর্ধমানের জেলা শাসক বা ডিএম এস পোন্নাবলম সহ একাধিক প্রশাসনিক আধিকারিক। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় বলেন, “রাজ্য সরকার মহিলাদের আর্থিক ও সামাজিক ক্ষমতায়নকে অগ্রাধিকার দিয়ে একের পর এক জনমুখী প্রকল্প বাস্তবায়ন করছে। তারই অংশ হিসেবে সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে যাত্রার সুবিধা চালু হলো। যা নারী সশক্তিকরণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”
এদিন বাঁকুড়ার সরকারি বাস ডিপোতেও সকাল থেকে মহিলাদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। ডিপো থেকে বিভিন্ন নির্দিষ্ট গন্তব্যে বাসে চড়ে রওনা দেন বহু মহিলা যাত্রী। এই বিনামূল্যে বাস পরিষেবা নিয়ে তারা রীতিমতো খুশি প্রকাশ করেন। মহিলারা আশা, আগামী দিনেও জনস্বার্থে আরও এমন পদক্ষেপ গ্রহণ করবে সরকার।
প্রসঙ্গত, নির্বাচনী ইশতেহারে বিজেপি জানিয়েছিল তাদের সরকার ক্ষমতায় এলে মহিলাদের জন্য়ে বিনামূল্য সরকারি বাস পরিষেবার সুবিধা দেওয়া হবে। ক্ষমতায় আশার এক মাসের মধ্যেই সেই প্রতিশ্রুতি পালন করল সরকার।


















