eaibanglai
Homeএই বাংলায়পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ কুলটির বিধায়কের, আবীর খেলে উচ্ছ্বাস

পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ কুলটির বিধায়কের, আবীর খেলে উচ্ছ্বাস

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- সরকার গঠনের একমাসের মধ্যেই সম্প্রসারিত হল বিজেপি সরকারের মন্ত্রিসভা। সোমবার লোকভবনে নতুন করে ৩৫ জন মন্ত্রী শপথগ্রহণ করলেন। এর মধ্যে ১৩ জন পূর্ণমন্ত্রী, ৩ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ১৯ জন প্রতিমন্ত্রী। এছাড়া স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হতে চলেছেন ৩ জন।

রাজ্যের ১৩ জন পূর্ণমন্ত্রীর তালিকায় রয়েছে পশ্চিম বর্ধমান জেলার কুলটির বিধায়ক পেশায় চিকিৎসা ডাঃ অজয় পোদ্দারের নাম। এদিন পূর্ণ মন্ত্রী হিসেবে লোকভবনে শপথ গ্রহণ করেন তিনি। এর পরেই খুশি ও উচ্ছ্বাসের ছবি ধরা পড়ে কুলটি বিধানসভা জুড়ে। কুলটির মন্ডল-১ কার্যালয়ে ঢাক ঢোল বাজিয়ে খুশিতে মেতে উঠেন বিজেপির কর্মী সমর্থকরা। গেরুয়া আবীর একে অপরকে মাখিয়ে উচ্ছ্বাসে মাতেন তারা। ফাটানো হয় বাজি। এলাকার মানুষদের করানো হয় মিষ্টি মুখ। তার সঙ্গে ছিন্নমস্তা মন্দিরে পূজায় দেন বিজেপি নেতা ও কর্মীরা।

এলাকার বিজেপি নেতা কর্মীরা জানান, কুলটি থেকে এই প্রথম কেউ রাজ্যের মন্ত্রী হলেন। এবার তাঁর হাত দিয়ে রাজ্য তথা এলাকার অনেক উন্নয়ন হবে বলেই আশা তাঁদের।

জানা গেছে, এদিন শপথ নেওয়ার পর ৩৫ জন নতুন মন্ত্রী নবান্নে যাবেন। সেখানে নতুন মন্ত্রীদের দপ্তর বন্টন করা হবে।

প্রসঙ্গত,গত ৪ মে রাজ্য বিধানসভা ভোটের ফলাফলে, ২৯৪টির মধ্যে ২০৮ আসন পেয়ে সরকার গড়ে বিজেপি। ৯ মে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-সহ পাঁচ মন্ত্রী শপথ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে। ওইদিন শুভেন্দু ছাড়াও বিভিন্ন দপ্তরের দায়িত্ব পান দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু, নিশীথ প্রামাণিক। সেই মন্ত্রীসভা এদিন ৫ থেকে ৪০-এ সম্প্রসারিত হল।

এর আগে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল দক্ষিণ বিধানসভা থেকে মন্ত্রী হয়েছেন অগ্নিমিত্রা পাল। তার দায়িত্বে রয়েছে পুর ও নগরোন্নয়ন এবং নারী ও শিশু কল্যান দপ্তর। এই প্রথম রাজ্যের কোন মন্ত্রী সভায় পশ্চিম বর্ধমান জেলা থেকে দুজন বিধায়ক মন্ত্রী হলেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments