eaibanglai
Homeএই বাংলায়ট্রেন থেকে বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার, গ্রেফতার ১

ট্রেন থেকে বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার, গ্রেফতার ১

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- ভিন রাজ্য থেকে রাজ্যে কচ্ছপ পাচারের ছক ভেস্তে দিল পুলিশ। পানাগড় স্টেশনে অভিযান চালিয়ে ট্রেন থেকে বিরল প্রজাতির দুটি ভারতীয় কচ্ছপ উদ্ধার করল রেল পুলিশ। গ্রেফতার করা হয়েছে এক পাচারকারীকে।

রেল পুলিশ সূত্রে খবর, উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড থেকে দুন এক্সপ্রেসে করে দুটি বিরল প্রজাতির কচ্ছপ আনা হচ্ছিল রাজ্যে পাচারের জন্য। গোপন সূত্রে খবর পেয়ে অভিযানে নামে পানাগড় রেল পুলিশ। ট্রেনটি পানাগড় স্টেশনে পৌঁছতেই শুরু হয় তল্লাশি অভিযান। অভিযানের সময় এক ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয় দুটি ভারতীয় বিরল প্রজাতির কচ্ছপ। ধৃতের নাম জান্না। তিনি উত্তরপ্রদেশের জগদীশপুর এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে।

ধৃত ব্যক্তি এবং কচ্ছপ দুটিকে পানাগড় বন বিভাগের হাতে তুলে দেয় রেল পুলিশ। পানাগড় বনবিভাগ বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। মঙ্গলবার ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়।

পানাগড় বনাঞ্চলের রেঞ্জার সুদীপ বন্দ্যোপাধ্যায় জানান, “ভারতীয় প্রজাতির কচ্ছপ বন্যপ্রাণী সংরক্ষণ আইনের আওতাভুক্ত। উদ্ধার হওয়া কচ্ছপ দুটির স্বাস্থ্য পরীক্ষা করা হবে এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাদের উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হবে। “

প্রাথমিকভাবে জানা গিয়েছে, কচ্ছপ দুটিকে বাংলায় এনে পাচারের পরিকল্পনা ছিল। তবে কোথায় এবং কার কাছে সেগুলি পৌঁছে দেওয়ার কথা ছিল, তা জানতে তদন্ত শুরু হয়েছে। তদন্তকারীদের অনুমান, এই পাচারের সঙ্গে কোন চক্র জড়িত রয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments