সংবাদদাতা,আসানসোলঃ- আসানসোল পুরনিগমের ১০২ নম্বর ওয়ার্ডের পোইডি এলাকায় একটি পরিত্যক্ত ইসিএল কোয়ার্টার থেকে বিপুল পরিমাণ বস্ত্র ও ত্রাণসামগ্রী উদ্ধার হওয়ায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার সকালে বিজেপি নেতা গোবিন্দ মাঝির অভিযোগের ভিত্তিতে পুলিশ ও ইসিএল আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে তালা ভেঙে তল্লাশি চালায়। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে কম্বল, ত্রিপল, শাড়ি, ধুতি, লুঙ্গি ও শিশুদের পোশাক।
বিজেপির দাবি, গরিব মানুষের জন্য বরাদ্দ এই ত্রাণ সামগ্রী দীর্ঘদিন ধরে গোপনে মজুত রাখা হয়েছিল যা বিতরণে অনিয়ম করা হয়েছে। ঘটনার সঙ্গে তৃণমূল কাউন্সিলর সৌরভ মাঝির যোগসাজশ থাকতে পারে বলে গেরুয়া শিবিরের অভিযোগ। যদিও কাউন্সিলর সৌরভ মাঝি সমস্ত অভিযোগ অস্বীকার করে ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। ইসিএল আধিকারিক এস. আহমেদ জানান, বাজেয়াপ্ত সামগ্রী পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তবে এগুলি সরকারি না কি অন্য কোনো উৎসের ত্রাণ, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।



















