সন্তোষ কুমার মণ্ডল, দুর্গাপুরঃ- বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের গলসী বিধানসভার ত্রিলোকচন্দ্রপুর পঞ্চায়েতে এক তৃণমূল নেতার বিরুদ্ধে সরকারি নথি পোড়ানোর অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল।
ত্রিলোকচন্দ্রপুর পঞ্চায়েতের অন্তর্গত দুমরা গ্রামের বাসিন্দাদের দাবি হঠাৎই তারা লক্ষ্য করেন গ্রামের তৃণমূল নেতা উত্তম রুইদাসের বাড়ির পেছনে পোড়ানো হচ্ছে একাধিক সরকারি নথি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান এলাকার বিজেপি কর্মীরা। তারা তৃণমূল কংগ্রেসের নেতার বাড়ি ঘেরাও করেন। দেখতে পাওয়া যায় গ্রামেরই বহু মানুষের জব কার্ড, ব্যাংকের বই, দলিল থেকে শুরু করে একাধিক নথি পুড়িয়ে দেওয়া হচ্ছে। বিজেপি কর্মীরা খবর দেন কাঁকসা থানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। কিন্তু উত্তম রুইদাস বাড়িতে না থাকায় ওই নথি কেন পোড়ানো হচ্ছিল সেই বিষয়ে কোন তথ্য পাওয়া যায়নি। পাশাপাশি স্থানীয় তৃণমূল নেতৃত্বও বিষয়টি নিয়ে কোন মন্তব্য করতে চায়নি।
দুমরা গ্রামের বিজেপি কর্মীদের দাবি, উত্তম রুইদাস তৃণমূল শাসনকালে এলাকার মানুষদের উপর অনেক অত্যাচার করেছেন। আবাস যোজনা থেকে শুরু করে এলাকার শ্রমিকদের কাছ থেকে কাটমানি নেওয়া এমনকি নির্মীয়মান কারখানার মালিকের কাছ থেকেও কাটমানি নিতেন বলে অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে।
অন্যদিকে পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে কাঁকসা থানার পুলিশ।



















