নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর:- এবার দুর্গাপুর পৌর নিগমের বিদায়ী তৃণমূল পুরমাতার বিরুদ্ধে তোলাবাজি ও ভোট-পরবর্তী হিংসার অভিযোগ দায়ের হল। সম্প্রতি রাজ্যজুড়েই দুর্নীতি, তোলাবাজি, সন্ত্রাসের অভিযোগে তৃণমূলের একের পর এক প্রভাবশালী নেতা গ্রেফতার হচ্ছেন। আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলেও ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন একাধিক তৃণমূল নেতা। তাদের মধ্যে দুর্গাপুরের একাধিক বিদায়ী কাউন্সিলরও রয়েছেন। এই আবহে দুর্গাপুরের ২৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর লাভলি রায়ের বিরুদ্ধে নিউ টাউনশিপ থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
অভিযোগকারীদের দাবি, সরকারি জমি বিক্রি করে দেওয়া থেকে শুরু করে বিভিন্ন সরকারি প্রকল্পে কাটমানি আদায়ের মতো একাধিক অনিয়মের সঙ্গে জড়িত ছিলেন লাভলি রায় এবং তার ঘনিষ্ঠদের একাংশ। অভিযোগকারীদের আরও দাবি, এলাকার কোনও বাসিন্দা অন্যায়ের প্রতিবাদ করলেই তাকে লাভলি রায়ের দলীয় কার্যালয়ে ডেকে পাঠানো হতো। সেখানে কখনও অর্থ দাবি করা হতো, আবার কখনও প্রতিবাদীদের হুমকি দেওয়া হতো।
এই সমস্ত অভিযোগের ভিত্তিতে অবিলম্বে লাভলি রায়কে গ্রেপ্তারের দাবি তুলেছেন বিজেপি নেতা স্বাধীন রায়। তিনি অভিযোগ করেন, বিজেপি করার অপরাধে তার কাছে লক্ষাধিক টাকা দাবি করেছিলেন বিদায়ী পুরমাতা। এমনকি সেই টাকা দিতে অস্বীকার করায় তার পরিবারের উপর অকথ্য অত্যাচার চালানো হয়। ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রশাসনের দ্রুত পদক্ষেপ করার আবেদন জানিয়েছেন তিনি।
যদিও এই সমস্ত অভিযোগ নিয়ে অভিযুক্ত বিদায়ী পুরমাতা লাভলি রায়ের তরফে কোন মন্তব্য করা হয়নি।



















