সংবাদদাতা,বাঁকুড়াঃ- প্রশাসন নয়, লাঠি হাতে মদের ঠেক ও গাঁজার আড্ডায় অভিযান চালাল প্রমিলা বাহিনী। এভাবেই দীর্ঘদিন ধরে চলা বেআইনি মদ ও গাঁজার কারবারের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন মহিলারা। ঘটনা বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের আকুই গ্রামের।
স্থানীয়দের অভিযোগ, আকুই ধিতপুর, পুরনো পাড়া ও জামাই পাড়াসহ একাধিক এলাকায় দীর্ঘদিন ধরে এই বেআইনি কারবার চলছিল। এদিন মহিলারা বেশ কিছু জায়গায় হানা দিয়ে বিপুল পরিমাণ মদ ও গাঁজা নষ্ট করেন এবং মদ তৈরির সরঞ্জাম ভেঙে দেন। পরে বেআইনি কারবার বন্ধের দাবিতে আকুই পুলিশ আউটপোস্ট ঘেরাও করে বিক্ষোভ দেখান তাঁরা। অবশেষে পুলিশ প্রশাসনের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়। যদিও দ্রুত ব্যবস্থা না নিলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন বিক্ষুব্ধ মহিলারা।



















