নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- রাজ্যে পালাবদলের পর থেকেই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দিকে দিকে মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ হচ্ছে। নিশানায় তৃণমূল কংগ্রেসের নেতা, প্রাক্তন বিধায়ক মন্ত্রীরা। রোজই দুর্নীতি, তোলাবাজির দায়ে জেলায় জেলায় গ্রেফতার হচ্ছেন তৃণমূলের নেতারা। আর তাদের উপর আছড়ে পড়ছে জনরোষ। এমনকি গ্রেফতার হওয়ার পর সেই তৃণমূল নেতাকে লক্ষ্য করে ছোড়া হচ্ছে পচা ডিম, শুনতে হচ্ছে ‘চোর’ স্লোগান। এবার দুর্গাপুরেও অভিযুক্ত তৃণমূল নেতাকে লক্ষ্য করে ছোঁড়া হল ডিম।
দুর্গাপুরের নিউ টাউনশিপ থানা এলাকার বাসিন্দা তৃণমূল নেতা সুকুমার দত্তের বিরুদ্ধে দুর্নীতি এবং সন্ত্রাস এবং তোলাবাজির অভিযোগ ছিল। সেই অভিযোগের ভিত্তিতে বুধবার রাতে তাকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার সকালে নিউ টাউনশিপ থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি কর্মীরা। এরই মধ্যে ধৃত নেতাকে দুর্গাপুর মহকুমা আদালতে নিয়ে যাওয়ার জন্য থানা থেকে বের করা হলে তাকে লক্ষ্য করে ডিম ছুঁড়তে থাকে ক্ষুব্ধ বিজেপি কর্মীরা। একইসাথে চলে ‘চোর চোর’ স্লোগান।
ঘটনা প্রসঙ্গে বিজেপির ওবিসি মোর্চার সাধারণ সম্পাদক স্বাধীন রায় বলেন,”দুর্নীতি করেছে। গরীব মানুষের টাকা লুট করেছে। তাই আজ মানুষ বিক্ষোভ দেখাচ্ছে। ডিম ছুড়ছে।”
এদিকে এই ঘটনায় ব্যাপক উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় থানা চত্বরে। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় নিউ টাউনশিপ থানার পুলিশকে।



















