নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- পশ্চিম বর্ধমানের কাঁকসার শোকনা এলাকায় দামোদর থেকে বালি পাচারের অভিযোগে ৩০টি বালি গাড়ি আটকে বিক্ষোভে সরব হল গ্রামবাসীরা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা।
স্থানীয়দের অভিযোগ, কাঁকসার সিলামপুর সংলগ্ন দামোদর নদ থেকে দীর্ঘদিন ধরেই বেপরোয়া ভাবে বালি তোলা ও পরিবহণ চলছে। গভীর রাত থেকে ভোর পর্যন্ত লোকচক্ষুর অন্তরালে চলে এই কারবার। ফলে বিকট শব্দে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। পাশাপাশি পাচার চক্রের সঙ্গে বহিরাগতদের এলাকায় আনাগোনার ফলে এলাকার নিরাপত্তা নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে তেমনি বালি বোঝাই ভারী ট্রাক্টর চলাচলের জেরে এলাকার রাস্তাঘাট নষ্ট হচ্ছে। এছাড়া ভারী মেশিনের সাহায্যে অবৈধভাবে বালি তোলার ফলে নদীতীরবর্তী অঞ্চলে পরিবেশ ও বাস্তুতন্ত্রের ব্যাপক ক্ষতি হচ্ছে বলেও অভিযোগ।
বিক্ষোভকারীদের দাবি, একাধিকবার প্রশাসনের কাছে অভিযোগ জানানো হলেও কার্যকরী কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে বাধ্য হয়েই এদিন তাঁরা রাস্তায় নেমে ট্রাক্টরগুলি আটক করেন। অন্যদিকে গ্রামবাসীদের বিক্ষোভের খবর পেয়ে এলাকায় পৌঁছয় কাঁকসা থানার পুলিশ এবং ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা। নথি খতিয়ে দেখার জন্য ট্রাক্টরগুলিকে আটক করে নিয়ে যাওয়া হয়।
এই বিষয়ে পশ্চিম বর্ধমানের জেলাশাসক পন্নামবলামকে প্রশ্ন করা হলে তিনি জানান, সমস্ত চালান ও প্রয়োজনীয় নথি পরীক্ষা করে দেখা হবে। বেআইনি কাজের প্রমাণ মিললে,আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দেন তিনি।


















