নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- রাজ্যের সমস্ত শহর ও গ্রামকে নির্মল ও পরিচ্ছন্ন রাখতে কড়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। রাস্তাঘাট, বাসস্ট্যান্ড কিংবা জনবহুল এলাকায় যেখানে-সেখানে আবর্জনা বা পানের পিক ফেললে নেওয়া হবে কড়া ব্যবস্থা, করা হবে জরিমান। আগামী ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে এই ব্যবস্থা। সেই বার্তাই সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে ঝাড়ু হাতে পথে নামলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
মঙ্গলবার দুর্গাপুরের সিটি সেন্টার বাসস্ট্যান্ড এলাকায় নির্মল বন্ধু-নির্মল সাথীদের নিয়ে এক বিশেষ কর্মসূচিতে অংশগ্রহণ করেন মন্ত্রী। যেখানে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন মন্ত্রী। নিজেই ঝাড়ু হাতে একাধিক দোকানের সামনে জমে থাকা আবর্জনা পরিষ্কার করেন। পাশাপাশি দোকানদারদের সঙ্গে কথা বলে তাদের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার আবেদন জানান। শুধু তাই নয়, বাসস্ট্যান্ড সংলগ্ন কয়েকটি গ্যারেজেও যান তিনি। সেখানে কর্মীদের সতর্ক করে বলেন, রাস্তা বা নর্দমায় বর্জ্য ফেলা চলবে না। এর পাশাপাশি বাসচালক ও পরিবহণ কর্মীদেরও সতর্ক করেন মন্ত্রী। তিনি স্পষ্ট ভাষায় জানান, বাসের জানালা দিয়ে বা রাস্তায় পানের পিক, প্লাস্টিক, বোতল কিংবা অন্য কোনও আবর্জনা ফেললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে এদিনের কর্মসূচি থেকে ‘মিশন নির্মল বাংলা’ প্রকল্প নিয়ে বিগত তৃণমূল সরকারের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তোলেন তিনি। তিনি বলেন, “সেই সময় বাড়ি বাড়ি যে বালতি দেওয়ার কথা ছিল, তা নিয়েও দুর্নীতির অভিযোগ ওঠে। ফলে অনেক জায়গায় প্রকল্প কার্যত মুখ থুবড়ে পড়ে।” অবিলম্বে দ্রুততার সঙ্গে নতুন করে বাড়ি বাড়ি বর্জ্য সংগ্রহের বালতি পৌঁছে দেওয়ারও নির্দেশ দেন তিনি, যাতে উৎস স্তরেই বর্জ্য পৃথকীকরণ ও সংগ্রহের কাজ সুষ্ঠুভাবে করা যায়।
এদিন নির্মল বন্ধু ও নির্মল সাথীদের কাজের প্রশংসা করে মন্ত্রী বলেন, এনারা সকলে অত্যন্ত ভালো কাজ করছেন। পরিচ্ছন্ন শহর গড়তে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা শাসক পন্নামবলাম এস, দুর্গাপুর নগর নিগমের কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম, নগরোন্নয়ন দপ্তরের একাধিক আধিকারিক এবং নির্মল বাংলার সঙ্গে যুক্ত কর্মীরা।


















