নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- সারা বিশ্ব জুড়ে আজ পালিত হচ্ছে ১২তম আন্তর্জাতিক যোগ দিবস। যোগব্যায়াম মানুষের মন ও শরীরের মধ্যে ভারসাম্য রক্ষা করে এবং মানসিক চাপ ও উদ্বেগ কমাতে সাহায্য করে। তাই প্রাচীন ভারতীয় এই শারীরিক ও আধ্যাত্মিক চর্চা ‘যোগব্যায়াম’-এর সুফল সম্পর্কে বিশ্বব্যাপীকে সচেতন করতে এবং স্বাস্থ্যকর জীবনযাপনে উৎসাহিত করতে এই দিনটি পালন করা হয়।
সারা দেশের পাশাপাশি এদিন শিল্প শহর দুর্গাপুরেও পালিত হয় যোগ দিবস। দুর্গাপুর পুরসভা, এডিডিএ, আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট এবং দুর্গাপুর পূর্ব ও পশ্চিম বিধায়কদের সহযোগিতায় দুর্গাপুর ইস্পাত নগরীর নেহেরু রোডে আন্তর্জাতিক যোগ দিবসের বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর পুরসভার কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন দুর্গাপুরের এসিপি, সিআই-সহ পুলিশ প্রশাসনের অন্যান্য আধিকারিক এবং শহরের বিশিষ্ট নাগরিকবৃন্দ।
জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের মধ্যে সুস্থ জীবন যাপনের ক্ষেত্রে যোগের গুরুত্ব তুলে ধরা হয় এদিনের অনুষ্ঠানের মাধ্যমে।

















