নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- অভিযোগ মসজিদের জমি জবরদখল করে গড়ে উঠেছিল তৃণমূলের দলীয় কার্যালয়। সৈই জমি দখলমুক্ত করে ঈদগাহ কমিটির হাতে ফিরিয়ে দিল বিজেপি। এমনই ঘটনা সামনে এসেছে পশ্চিম বর্ধমানের কাঁকসা ব্লকের জাঠগড়িয়া এলাকায়।
ঈদগাহ কমিটির জমির উপর গড়ে ওঠা তৃণমূলের দলীয় কার্যালয় বহুবার খালি করতে বলা হলেও তা করা হয়নি বলে অভিযোগ স্থানীয় বিজেপি নেতৃত্বের। সোমবার সকালে বিজেপির কর্মী সমর্থকরা কাঁকসা থানার পুলিশকে নিয়ে এলাকায় পৌঁছয় ও তৃণমূল কার্যালয় থেকে যাবতীয় জিনিসপত্র বের করে দেয়। দলীয় কার্যালয়ের ভেতর থেকে বেশ কিছু লাঠিও উদ্ধার হয়। বিজেপির অভিযোগ,ক্ষমতায় এলে এই লাঠি দিয়ে বিজেপি কর্মীদের মারার ছক কষেছিল তৃণমূল।
এদিন বিজেপির মন্ডলের সাধারণ সম্পাদক পূর্ণ চন্দ্র গড়াই ও বুথ সভাপতি মহাদেব সরেন বলেন,”কোন ধর্ম না দেখে আজ আমরা ঈদগাহ কমিটির জমি ঈদগাহ কমিটির হাতে ফিরিয়ে দিলাম। এতদিন ধরে তৃণমূল দখল করে রেখেছিল। যখন আমরা দলীয় কার্যালয়ের দরজা খুলে ভেতরে বহু লাঠি মজুদ ছিল। আমরা পুলিশকে জানিয়েছি। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।”
অন্যদিকে মসজিদ কমিটির আব্দুল রশিদ বলেন,” আজ আমাদের জমি আমাদের হাতে ফিরিয়ে দিল বিজেপি। এই উদ্যোগে আমরা খুশি।”



















