নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- দুর্গাপুরে কলেজ ছাত্রকে মারধরের অভিযোগ উঠল বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি বা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সমর্থকদের বিরুদ্ধে। আক্রান্ত দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়ের ছাত্র বিপুল বর্মন। ঘটনায় আক্রান্ত ছাত্র দুর্গাপুর নিউ টাউনশিপ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ বুধবার রাতে ঝর্নাপল্লী এলাকায় বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে তাঁর উপর হামলা চালানো হয়। লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে তাঁকে আঘাত করা হয়।
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন এবিভিপি নেতা অচিন্ত শর্মা। তার দাবি, হাসপাতালে যাওয়ার পথে তিনি কিছু ছাত্রকে নিজেদের মধ্যে বিবাদে জড়াতে দেখেন। সেই সময় সেখানে বিপুল বর্মন এবং তাঁদের সংগঠনের কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন। তিনি পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেছিলেন বলে দাবি করেন।
তার বক্তব্য, কলেজে কোনও ধরনের রাজনৈতিক কার্যকলাপ চলুক, তা তারা চান না। ফলে তাদের সংগঠনের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন বলেই তিনি দাবি করেছেন।
এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। অন্যদিকে পুলিশ জানিয়েছে অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে।


















