নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- বৃহস্পতিবার দুর্গাপুরে জাতীয় সড়কে এক পথ দুর্ঘটনা চাঞ্চল্য ছড়াল। দাঁড়িয়ে থাকা ট্যাঙ্কারের পিছনে ধাক্কা মারে পিকআপ ভ্যান। ঘটনায় গুরুতর জখম হন গাড়ির চালক।
জানা গিয়েছে, একটি ছোট পিকআপ ভ্যান সিটি সেন্টারের দিক থেকে ইন্দো আমেরিকা মোড়ের দিকে যাচ্ছিল। সেই সময় পিয়ালা কালী মন্দিরের সামনে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি গ্যাসবাহী ট্যাঙ্কারের পিছনে সজোরে ধাক্কা মারে পিকআপ ভ্যানটি। ধাক্কার তীব্রতায় পিকআপ ভ্যানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং গাড়ির ভিতরেই আটকে পড়েন চালক।
বিষয়টি নজরে আসতেই স্থানীয়রা ছুটে যান ও ওই গাড়ি চালককে উদ্ধারকাজে হাত লাগান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দুর্গাপুর ট্রাফিক গার্ডের পুলিশও। চালককে উদ্ধার করে মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।


















