নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- ডিভিসির কাজে বাধা দিয়ে সিনিয়র ম্যানেজারের সঙ্গে তৃণমূল নেতার তীব্র বাকবিতণ্ডা। এমনই এক ভিডিও ঘিরে দুর্গাপুরের রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।
সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে ডিভিসির মালিকানাধীন একটি জমিতে চলতে থাকা কাজের ক্ষেত্রে বাধা প্রদান করেন তৃণমূল নেতা তথা দুর্গাপুরের প্রাক্তন পুরপিতা অরবিন্দ নন্দী। এই ঘটনাকে কেন্দ্র করে ডিভিসির সিনিয়র ম্যানেজার অমিত মোদির সঙ্গে তার তীব্র বাকবিতণ্ডা হয়। । যদিও ভিডিওর সত্যতা যাছাই করেনি এই বাংলায় ওয়েব পোর্টাল।
এদিকে ভিডিও ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে সরব হয়েছে বিজেপি। দলের জেলা মুখপাত্র সুমন্ত মণ্ডল অভিযোগ করে বলেন, “দামোদর ভ্যালি কর্পোরেশনের উন্নয়নমূলক কাজে বাধা দিচ্ছেন তৃণমূল নেতা। এই ধরনের আচরণ কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। ডিভিসি কর্তৃপক্ষের উচিত পুলিশের দ্বারস্থ হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া।”
অন্যদিকে এই অভিযোগের বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ডিভিসি কর্তৃপক্ষ ও প্রশাসন এই বিষয়ে কী পদক্ষেপ গ্রহণ করে সেটাই দেখার।

















