eaibanglai
Homeএই বাংলায়খুনের হুমকি দিয়ে গ্রেফতার, তরুণকে ক্ষমা বিধায়কের

খুনের হুমকি দিয়ে গ্রেফতার, তরুণকে ক্ষমা বিধায়কের

সংবাদদাতা,বাঁকুড়াঃ- সোশ্যাল মিডিয়ায় বিধায়ককে খুনের হুমকি দিয়ে গ্রেফতার হন তরুণ। সেই তরুণকেই শেষে ক্ষমা করে দিলেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা। ঘটনাটি সামনে আসতেই আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন বাঁকুড়ার বিধায়ক।

ঘটনার সূত্রপাত কয়েকদিন আগে। নতুনগ্রাম পাহাড়পুরের বাসিন্দা সৌমেন মাদ্দি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানাকে উদ্দেশ্য করে খুনের হুমকি দিয়ে পোস্ট করেন। বিষয়টি বিধায়কের নজরে আসতেই তিনি আইনের দ্বারস্থ হন। সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বিধায়ক। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ এবং সোশ্যাল মিডিয়ার পোস্ট খতিয়ে দেখে সৌমেন মাদ্দিকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার হওয়ার পর অভিযুক্ত যুবক তার ভুল বুঝতে পারে এবং বিধায়কের কাছে ক্ষমা প্রার্থনা করে। এমনকি তার পরিবারও বিধায়কের কাছে ক্ষমা প্রার্থনা জানান। শেষ ওই যুবকের বিরুদ্ধে সমস্ত অভিযোগ তুলে নেন বিধায়ক।

বিষয়টি নিয়ে বিধায়ক নীলাদ্রি শেখর দানা লবেন, “ছেলেটি বয়সে তরুণ। আবেগের বশে, ভুল বুঝে এমন কাজ করে ফেলেছে। তার পরিবারের আর্থিক অবস্থাও ভালো নয়। মানবতার খাতিরে আমি ব্যক্তিগতভাবে তাকে ক্ষমা করে দিচ্ছি। আমি চাই না একটি ভুলের জন্য ওর পুরো ভবিষ্যৎ নষ্ট হয়ে যাক। ও যেন শুধরে যায়, এটাই চাই।”

অন্যদিকে অভিযুক্ত সৌমেন মাদ্দিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে ক্ষমা চান। তিনি একটি ভিডিও বার্তায় বলেন, “আমি না বুঝে, রাগের মাথায় বিধায়ক নীলাদ্রি শেখর দানা মহাশয়কে নিয়ে আপত্তিকর পোস্ট করে ফেলেছি। খুনের হুমকি দেওয়া আমার চরম অন্যায় হয়েছে। আমি আমার কৃতকর্মের জন্য লজ্জিত। বিধায়ক মহাশয়ের কাছে, ওনার পরিবারের কাছে এবং বাঁকুড়ার সমস্ত মানুষের কাছে আমি হাতজোড় করে ক্ষমা চাইছি। উনি আমাকে ক্ষমা করে দিয়ে যে মানবিকতার পরিচয় দিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। ভবিষ্যতে এমন ভুল আর কখনও হবে না।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments