সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- ১ জুলাই দ্বিতীয় দফায় অন্নপূর্ণা যোজনার আর্থিক সহায়তা প্রদানের কথা ঘোষণা করেন স্বয়ং মুখ্যমন্ত্রী। তিনি জানান দুই দফায় মোট ১.৬ কোটি আবেদন গৃহীত হয়েছিল, তার মধ্যে ১ কোটি ৩০ লক্ষের বেশি আবেদনকারীকে যোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে ও তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে। বাকি ২৬ লক্ষ আবেদন বাতিল হয়েছে। বাতিলের কারণ হিসেবে মুখ্যমন্ত্রী জানান, যাচাই প্রক্রিয়ায় আবেদনকারীদের নাম ভোটার তালিকায় পাওয়া যায়নি এবং তাদের নাগরিকত্ব ও ডোমিসাইল (আবাসিক) স্ট্যাটাস নিয়ে সন্দেহ থাকায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি আরও স্পষ্ট করেন, সরকারি কোষাগার থেকে করদাতাদের টাকা কোনও অ-ভারতীয় বা নিয়মবহির্ভূত ব্যক্তিকে দেওয়া সম্ভব নয়। কিন্তু অভিযোগ ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও অনেকেই এই যোজনার টাকা পাননি।
এমনই অভিযোগে শনিবার দুর্গাপুরে মহকুমাশাসক দপ্তরের সামনে বিক্ষোভ দেখালেন বহু মহিলা। বিক্ষোভকারীরা জানান, সরকারি নির্দেশ মেনে সময়মতো সমস্ত প্রয়োজনীয় নথি জমা দেওয়া হলেও অনলাইনে তাদের আবেদনপত্রের স্ট্যাটাসে ‘বাতিল’ দেখানো হচ্ছে। কেন আবেদন বাতিল হয়েছে, সে বিষয়ে কোনও স্পষ্ট ব্যাখ্যা তারা পাননি। সমস্যার সমাধানের আশায় মহিলারা মহকুমা শাসক দপ্তরে গেলে, সেখান থেকে তাদের জানানো হয় আগামী ১০ জুলাইয়ের পর আবার আবেদনপত্রের স্ট্যাটাস দেখতে। এই উত্তরে ক্ষোভ আরো বাড়ে। বিক্ষোভকারীদের দাবি, বারবার দপ্তরে ঘুরেও সমস্যার সমাধান হচ্ছে না। যোগ্য আবেদনকারীরা অযথা হয়রানির শিকার হচ্ছেন। দ্রুত আবেদনগুলি পুনর্বিবেচনা করে প্রাপ্য আর্থিক সহায়তা তাঁদের ব্যাংক অ্যাকাউন্টে জমা দেওয়ার দাবি জানান তারা।
যদিও দুর্গাপুর মহকুমাশাসকের দপ্তরের তরফে এই নিয়ে কোন প্রতিক্রিয়া দেওয়া হয়নি।


















