সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- সম্প্রতি রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে রাজ্যে ডিম থেরাপি ট্রেন্ড করছে। দুর্নীতি, তোলাবাজি, সন্ত্রাসের অভিযোগে অভিযুক্ত রাজনৈতিক নেতাদের লক্ষ্য করে ক্ষুব্ধ জনতা ও রাজনৈতিক কর্মীদের ডিম ছোড়ার বিষয়টি এখন অন্যতম আলোচনার বিষয়। এবার অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে ছোঁড়া হল ডিম। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগলা গ্রাম পঞ্চায়েতে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অনেকদিন আগে ফর্ম ফিলাপ করা সত্ত্বেও গরীব পরিবারের মা-বোনেরা অন্নপূর্ণা যোজনার কোনো টাকা পাচ্ছেন না। বিক্ষোভকারীদের দাবি, পঞ্চায়েত প্রধান আবেদনকারীদের ফর্ম জমা না দিয়ে পঞ্চায়েতেই আটকে রেখে দিয়েছেন। শুধু তাই নয়, তাদের আরও অভিযোগ, এখানে দল দেখে, মুখ চিনে কাজ করা হচ্ছে। এলাকার বিত্তবান বা দোতলা বাড়ির মালিকরা টাকা পেলেও, প্রকৃত যারা পাওয়ার যোগ্য, সেই গরীব মানুষরা সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।
প্রতিবাদে এদিন প্রধানের ভূমিকা নিয়ে চরম ক্ষোভ উগরে দিয়ে পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে রীতিমতো ডিম বৃষ্টি করেন এলাকার মহিলারা। পাশাপাশি পঞ্চায়েত প্রধানকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখান তারা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে পৌঁছয় লাউডোহা থানার পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
যদি আগামী দিনে টাকা না পাওয়া যায়, তবে এর থেকেও বৃহত্তর আন্দোলন হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন গ্রামের মহিলারা। তাদের দাবি যতজন ফর্ম জমা দিয়েছে, প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ঢুকতে হবে।

















