সংবাদদাতা,সালানপুর -: কয়লা খনি থেকে এক তরুণীর পচাগলা দেহ উদ্ধারের ঘটনায় রবিবার সকালে তীব্র চাঞ্চল্য ছড়াল সালানপুর থানার অন্তর্গত ইসিএলের বনজেমারী ওসিপি এলাকায়। মৃতার নাম পূর্ণিমা বাউরি (শিবদাসপুর)।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকালে খনির ভেতরের পাথরের খাঁজে দেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর চাউর হতেই এলাকায় ভিড় উপচে পড়ে। মৃতার পরনের পোশাক দেখে আত্মীয়রা তাকে শনাক্ত করেন। পরিবারের দাবি, মানসিকভাবে অসুস্থ পূর্ণিমা গত রবিবার বাড়ি থেকে নিখোঁজ হয়েছিলেন। পরিবারের তরফে সালানপুর থানায় অভিযোগও জানানো হয়েছিল।
এই মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় রহস্যের দানা বেঁধেছে। এটি নিছক দুর্ঘটনা, নাকি এর পেছনে কোনো অপরাধমূলক ঘটনা রয়েছে, তা নিয়ে ধোঁয়াশা কাটছে না।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে পুলিশ জানিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে সালানপুর থানা।


















