নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- রথযাত্রা উৎসব থেকেই শুরু হয়ে যায় বাঙালির দুর্গোৎসবের কাউন্টডাউন। খুঁটি পুজোর মাধ্যমে পুজোর প্রস্তুতি শুরু দেন বিভিন্ন পুজো কমিটির উদ্যোক্তারা। আজ উল্টোরথের পুণ্য মুহুর্তে দুর্গাপুরের চন্ডীদাস–রাজেন্দ্র প্রসাদ সর্বজনীন দুর্গোৎসব কমিটির খুঁটিপুজো উনুষ্ঠিত হল।
এ বছর শহরের এই ঐতিহ্যবাহী পুজো ৬৫তম বর্ষে পদার্পণ করেছে। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, এ বছরের পুজোর অন্যতম আকর্ষণ হতে চলেছে বেলুড় মঠের আদলে নির্মিত মণ্ডপ। যার থিম “বেলুর মঠের চেতনায় উজ্জ্বল হই, ভক্তি, সেবা, ঐক্যের পথে এগিয়ে চলি”।
এদিন খুঁটি পূজার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুই এবং আরএসএস-এর কার্যকর্তা অচ্ছুত হাজরা। তাঁদের উপস্থিতিতে পুজোর প্রস্তুতির শুভ সূচনা হয়।
কমিটির উদ্যোক্তা পারিজাত গাঙ্গুলি জানান, দীর্ঘ ৬৫ বছরের ঐতিহ্যকে মাথায় রেখে প্রতি বছরের মতো এবারও দর্শনার্থীদের জন্য বিশেষ আকর্ষণের ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি এবারের বিশেষ মণ্ডপ ও আলোক সজ্জা শহরবাসীর নজর কাড়বে বলেই আশা উদ্যোক্তাদের।



















