eaibanglai
Homeএই বাংলায়পাণ্ডবেশ্বরে গ্রেপ্তার বালিমাফিয়া ও তৃণমূল নেতা,পুলিশের গাড়ি ঘিরে ডিম বৃষ্টি

পাণ্ডবেশ্বরে গ্রেপ্তার বালিমাফিয়া ও তৃণমূল নেতা,পুলিশের গাড়ি ঘিরে ডিম বৃষ্টি

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে বেআইনি বালি খাদান ও তোলাবাজি বিরোধী অভিযান শুরু করেছে প্রশাসন। চলছে ধরপাকড়। প্রায় প্রতিদিনই পুলিশের জালে ধরা পড়ছেন অবৈধ কারবারের সঙ্গে যুক্ত তৃণমূল নেতা থেকে বালি মাফিয়া। এবার পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বরে গ্রেফতার হলেন বালিমাফিয়া যুধিষ্ঠির ঘোষ ও তৃণমূল নেতা পেশায় স্কুল শিক্ষক নিতাই অধিকারী।

জানা গেছে, ২০০২ সালের একটি পুরনো মামলায় জারি থাকা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে বালি ব্যবসায়ী তথা অভিযুক্ত বালিমাফিয়া যুধিষ্ঠির ঘোষকে গ্রেপ্তার করেছে পাণ্ডবেশ্বর থানার পুলিশ। অন্যদিকে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় সন্ত্রাস সৃষ্টি, হুমকি এবং বোমাবাজির অভিযোগে নিতাই অধিকারীকেও গ্রেপ্তার করা হয়েছে। তিনি পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল নেতা নরেন্দ্রনাথ চক্রবর্তীর ঘনিষ্ঠ হিসেবেও পরিচিত। গোপন সূত্রে খবর পেয়ে পাণ্ডবেশ্বরের শ্যামলা এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। পরে তাকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার কড়া নিরাপত্তার মধ্যে দুই অভিযুক্তকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে পাণ্ডবেশ্বর থানার পুলিশ। এদিকে অভিযুক্তদের আদালতে নিয়ে যাওয়ার সময় থানার বাইরে পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় একদল মানুষ এবং অভিযুক্তদের উদ্দেশ্যে এলোপাথাড়িভাবে ডিম ছুঁড়তে শুরু করে। ঘটনাকে ঘিরে সাময়িক উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ ও সেনা মোতায়েন করা হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments